সাগরে নতুন নিম্নচাপ, সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সর্তক সংকেত
পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্ট একটি নিম্নচাপের কারণে দেশের তিনটি সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার দুপুর ৩ টায় সৃষ্ট এ নিম্নচাপটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় মূলত একই স্থানে স্থির রয়েছে। সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৬৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং মংলা সমুদ্র বন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। এটি আরো জোরদার হয়ে উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সমরেন্দ্র কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, নিম্নচাপটি সন্ধ্যা ৬টা পর্যন্ত স্থির ছিল। সোমবার এটি আরো শক্তিশালী হতে পারে।
এর প্রভাবে বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। যা দমকা বা ঝড়ো হাওয়া আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর মাঝারি ধরনের উত্তাল থাকতে পারে।
নিম্নচাপের কারণে সমুদ্র বন্দর তিনটিকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে অবস্থান করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে বলা হয়েছে।
