সালমান ও সাবেরা জামিন পাননি, বিদেশ যাওয়ার অনুমতি পেয়েছেন সিগমা
আওয়ামী লীগের শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমানকে জামিন দেয়নি হাইকোর্ট।
তবে তাদের বিরুদ্ধে পৃথক দুটি দুইটি ফৌজদারি মামলায় কেন তাদের জামিন মঞ্জুর করা হবে না সরকারকে তার কারণ জানাতে বলেছে আদালত।
এদিকে হাইকোর্ট সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমূল হুদার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদাকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে।
রোববার বিচারপতি মো. আবদুল মতিন ও বিচারপতি মো. আবদুল হাই সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সালমান এফ রহমান, সাবেরা আমান ও সিগমা হুদার পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
গত ৪ ফেব্রুয়ারি সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। ১২ এপ্রিল তার বিরুদ্ধে নিউ মার্কেট থানায় একটি প্রতারণার মামলা দায়ের করা হয়। এ মামলায় তার পক্ষে জামিন আবেদনের ওপর শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক।
এদিকে অর্জিত সম্পত্তির উৎস ও পরিমাণের সঠিক হিসাব বিবরণী জমা না দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত ৬ মার্চ আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে কাফরুল থানায় দুর্র্নীতির মামলা দায়ের করে।
এ মামলায় সাবেরা আমানকে গত ১২ মার্চ অভিযোগ দাখিল না হওয়া পর্যন্ত গ্রেপ্তার না করতে সরকারকে নির্দেশ দেয় হাইকোর্ট ।
গত ২৯ এপ্রিল এ মামলায় অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। গত ৯ মে এ মামলায় বিশেষ জজ আদালতে আত্মসমর্পন করে সাবেরা আমান জামিন আবেদন করলে আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
এছাড়া ‘খবরের অন্তরালে’ পত্রিকার ব্যাংক হিসাবে গড়মিল থাকার অভিযোগে ধানমন্ডি থানায় দায়ের করা মামলায় সিগমা হুদাকে গত ২৬ এপ্রিল আগাম অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে হাইকোর্ট। এ মামলায় তাকে কেন স্থায়ী আগাম জামিন মঞ্জুর করা হবে না তার কারণ দর্শানোর জন্য সরকারের প্রতি রুল জারি করেছিল আদালত।
সেই জামিনের আবেদন বিবেচনাধীন থাকায় বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আবেদন জানান সিগমা হুদা। এতে তিনি বলেন, জাতিসংঘের মানবপাচার বিরোধী কর্মকা্েযণ্ড অংশ নিতে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে হবে। জামিন আবেদন হাইকোর্টে বিবেচনাধীন বলে আদালতের অনুমতি প্রয়োজন। আদালত তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেন। আবেদনটির ওপর শুনানিতে তিনি নিজে ও অ্যাডভোকেট ওজায়ের ফারুক অংশ নেন।
