লালবাগে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ
রাজধানীর লালবাগের কামালবাগ এলাকায় রোববার নার্গিস আক্তার শিউলী (২৭) নামে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে লালবাগ থানা পুলিশ নার্গিসের স্বামী জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে।
নিহত নার্গিসের বড়ভাই মো. আক্কাস বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, ঠিকাদার জাকির হোসেনের সঙ্গে বোন নার্গিসের বিয়ে হয় প্রায় আট বছর। বিয়ের সময় জাকিরকে নগদ ৭০ হাজার টাকা, ১৫ ভরি স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় আসবাবপত্র দেওয়া হয়। এরপরও প্রায়ই নার্গিসকে টাকা এনে দেওয়ার জন্য নির্যাতন করত জাকির।
আক্কাস আরও জানান, গত এক বছর ধরে নার্গিসকে তার বাপের বাড়ির কারো সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। টাকা নিয়ে না আসলে দেখা করা যাবে না বলে ভাইদের জানিয়েছিল নার্গিস। শেষ পর্যন্ত নার্গিসের গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে জাকির।
লালবাগ থানার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. সেকান্দার আলী বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, নার্গিস-জাকির দম্পতি ৩০/৬, কামালবাগ, লালবাগের একটি বাসায় বেশ অনেকদিন ধরেই ভাড়া থাকত। গত এক সপ্তাহ আগে কথা কাটাকাটি ও নির্যাতনের জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
লাশ ময়না তদন্তের জন্য মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
লালবাগ থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক মো. আলীম জানান, এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হবে।
