সীতাকুণ্ডে পিটুনিতে ২ ছিনতাইকারী নিহত
জেলার সীতাকুণ্ড উপজেলার জোড় আমতল এলাকায় ছিনতাই করে পালানোর সময় শনিবার রাতে গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত হয়েছে।
সীতাকুণ্ড থানা পুলিশ জানায়, সকাল পর্যন্ত লাশ কেউ নিতে না আসায় তাদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, একটি সিএনজি অটোরিকশায় নগরীর অলংকার মোড় থেকে সীতাকুণ্ড যাওয়ার পথে যাত্রী বেশধারী চারজন ছিনতাইকারী অপর যাত্রীর টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ছিনতাইয়ের শিকার ওই যাত্রী পরে শীতলপুরে নেমে স্থানীয়দের নিয়ে দুটি অটোরিকশা করে ছিনতাইকারীদের বহনকারী অটোরিকশাকে ধাওয়া করে।
চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে প্রায় বিশ মিনিট ধাওয়া করার পর তারা রাত সাড়ে দশটার দিকে ছিনতাইকারীদের জোড় আমতল এলাকায় ধরে ফেলে। সেখানে গণপিটুনিতে দুই ছিনতাইকারী ঘটনাস্থলে নিহত হয়। বাকি দুজন পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে।
সীতাকুণ্ড থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক মোছা. সুলতানা জানান, পুলিশ ছিনতাইকারীদের ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি আটক করেছে। এ ব্যাপারে থানায় দুটি মামলা হয়েছে।
