চার মাসে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নিহত ৮৯ জন: অধিকার এর প্রতিবেদন
জরুরি অবস্থা জারির পর চার মাসে আইন প্রয়োগকারী সংস্থার হাতে অন্তত ৮৯ জন নিহত হয়েছেন। বিভিন্ন অপরাধে এ সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে এক লাখ ৭৫ হাজার ৪৩৫ জনকে।
নিহতদের মধ্যে শুধু র্যাবের হাতেই প্রাণ হারিয়েছেন ৪৯ জন। তাদের মধ্যে ৪৭ জনই মারা গেছেন ‘ক্রসফায়ার’ এ। এ ছাড়া পুলিশের হাতে ২৩ জন, যৌথবাহিনীর হাতে সাত জন, সেনাবাহিনীর হাতে ছয় জন, নৌবাহিনীর হতে তিন জন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে এক জন নিহত হয়েছেন।
বেসরকারি সংস্থা অধিকার এর শনিবারে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ১১টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ এবং নিজস্ব তথ্যানুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে বলে দাবি করছে সংস্থাটি।
প্রতিবেদন অনুযায়ী নিহতদের মধ্যে বিএনপির আট জন, আওয়ামী লীগের চার জন, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) ছয় জন, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির চার জন, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) তিন জন, বিপ্লবী কমিউনিস্ট পার্টির দুই জন, নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির একজন, গণমুক্তি ফৌজের দুই জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের একজন, শ্রমজীবী মুক্তি আন্দোলনের তিনজন, সর্বহারা পার্টির চারজন এবং একজন মুক্তিযোদ্ধা, একজন আদিবাসী নেতা ও একজন চরমপন্থী রয়েছেন।
এ ছাড়াও অন্য গ্রুপের নিহত সদস্যদের মধ্যে তিন জন গাঙচিল বাহিনীর, এক জন মাছিম বাহিনীর, এক জন হাজী বাহিনীর ও এক জন সালাম বাহিনীর সদস্য। তিন জন অস্ত্র ব্যবসায়ী, দুই জন ছিনতাইকারী, এক জন জুয়ারি, দুই জন মাদক ব্যবসায়ী, ১০ জন ডাকাত এবং ১৭ জন অপরাধীও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হয়েছেন বলে প্রতিবেদন জানানো হয়েছে।
এছাড়া দুজন কৃষক, একজন ব্যবসায়ী, একজন পুলিশ ইনফরমার, দুজন বাস চালকের নামও রয়েছে নিহতদের তালিকায়। এছাড়া জাকারিয়া নামে নিহত আরও একজনের পেশা জানা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয় আইন প্রয়োগকারী সংস্থার হাতে ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া গাজী গোলাম দস্তগীর, কামরুল হুদাসহ কয়েকজনের পরে কোনো খোঁজ পাওয়া যায়নি।
প্রতিবেদনের ভাষায় ‘কথিত’ এসব অপরাধী হত্যার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং এ সংক্রান্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা এবং দোষীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য সংস্থাটি সরকারের কাছে দাবি জানিয়েছে।
প্রতিবেদনে খুলনার খালিশপুরে পাওনা মজুরি-বেতনের দাবিতে ধর্মঘটরত পাটকল শ্রমিকদের উপরে পুলিশি নির্যাতন, পুনর্বাসনের ব্যবস্থা না করে দরিদ্র বস্তিবাসীদের উচ্ছেদ করায় উদ্বেগ প্রকাশ করা হয়। এ ছাড়া সাংবাদিক তাসনীম খলিলকে যৌথবাহিনী তুলে নেওয়ার ঘটনার নিন্দা জানানো হয়।
