দুই কোটি টাকার আয়রন ট্যাবলেট নিয়ে পুষ্টি প্রকল্পে অনিয়ম
দুই কোটি টাকার আয়রন ট্যাবলেট কিনবে সরকার। দরপত্র আহ্বান করা হয়েছে। অন্যতম প্রধান শর্ত-দিতে হবে সর্বনিম্ন দর। কিন্তু সরকারের নেকনজরে থাকলে ওই শর্ত শিথিল হতে কতক্ষণ! তাই সর্বনিম্ন দরদাতা না হয়েও বিএনপি-জামাত জোট সরকারের আমলে দুই কোটি টাকার আয়রন ট্যাবলেট সরবরাহ করেছে ওষুধ শিল্প সমিতির সভাপতি মো. শফিউজ্জামানের প্রতিষ্ঠান হাডসন ফার্মাসিউটিক্যালস। বিস্তারিত জানাচ্ছেন মারুফ মল্লিক।
ওষুধ প্রশাসন পরিদপ্তরের দুর্নীতি ও অনিয়ম নিয়ে তদন্ত করতে গিয়ে বেরিয়ে এসেছে জাতীয় পুষ্টি প্রকল্পে অনিয়মের তথ্য।
২০০৪ সালে জাতীয় পুষ্টি প্রকল্প ২ কোটি টাকার আয়রণ ট্যাবলেট সংগ্রহের জন্য দরপত্র আহ্বান করে। এতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ছিল জেসন ফার্মাসিউটিক্যালস। তবে কাজের অনুমতি পায় ওষুধ শিল্প সমিতির সভাপতি ও জোট সরকারের সমর্থক মো. শফিউজ্জামানের প্রতিষ্ঠান হাডসন ফার্মাসিউটিক্যালস।
তদন্ত কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, বৃহস্পতিবার কমিটির কাছে শফিউজ্জামান স্বীকার করেছেন তার প্রতিষ্ঠান সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ছিল না। এরপরও তিনি কার্যাদেশ পান।
ওই সদস্য বলেন, কার্যাদেশ পাওয়ার পর নিজস্ব প্রতিষ্ঠানে ট্যাবলেট তৈরি না করে সরকারি প্রতিষ্ঠান এসেন্সিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডে (ইডিসিএল) তৈরি করে নিজস্ব প্রতিষ্ঠানের লেবেল ব্যবহার করে সরবরাহ করা হয়।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে তদন্ত কমিটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাক্ষ্য গ্রহণ করে। এতে ওষুধ প্রশাসন পরিদপ্তর এর পরিচালক, ইডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও হাডসন ফার্মাসিউটিক্যালসের স্বত্ত্বাধিকারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সাক্ষ্য দেন। আগামী কয়েকদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে তদন্ত কমিটি সূত্রে জানা গেছে।
তদন্ত কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. খন্দকার মো. সিফায়েত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, তদন্ত চলছে। বিভিন্ন ধরনের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ওষুধ প্রশাসনকে ঢেলে সাজানো উচিত। দুর্নীতিবাজদের কোনভাবেই ছাড় দেওয়া ঠিক হবে না।
অপরদিকে কমিটির আহ্বায়ক বেগম শাহীন খান কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, এখন তদন্ত চলছে। কোনও মন্তব্য করা যাবে না।
ওষুধ প্রশাসনের সীমাহীন দুর্নীতি ও কোটি কোটি টাকার লুটপাটের অভিযোগ তদন্তের জন্য ৯ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সমন্বয়) বেগম শাহীন খানকে আহ্বায়ক করে তিন সদস্যে কমিটি গঠন করা হয়। কমিটিকে দশদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অভিযোগ রয়েছে বেশ কিছু ওষুধ দেশীয় প্রতিষ্ঠান উৎপাদন করলেও ওষুধ প্রশাসন থেকে সেগুলো আমদানির অনুমোদন দেওয়া হয় ব্যবসায়ীদের। ওষুধ নীতিতে এ ধরনের আমদানিকে নিরুৎসাহিত করার কথা বলা হয়েছে।
কমিটির একজন সদস্য জানান, ওষুধ প্রশাসনের সহযোগিতা না থাকায় প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত সময়ের মধ্যে কাজই শুরু করতে পারেনি কমিটি। ২৪ এপ্রিল কমিটি ওষুধ প্রশাসন কার্যালয়ে তদন্ত করতে গিয়ে পরিচালকসসহ দুই উপ পরিচালককে পায়নি। এ সময় তদন্ত কমিটি ওষূধ আমদানির অনুমোদন সংক্রান্ত তিনটি ফাইল দেখতে চাইলে সংশ্লিষ্টরা তা দেখাতে পারেননি। ওষুধ প্রশাসনের কেউই তদন্ত কমিটিকে ফাইলগুলো সম্পর্কে কিছু বলতে পারেনি। এ সময় কর্মরত বিভিন্ন কর্মকর্তা ও ওষুধ তত্ত্বাবধায়কদের বক্তব্য নেওয়া হয়। তদন্ত কমিটি পরীক্ষা করে দেখতে পায় ফাইলে কাজ করার পদ্ধতি ত্রুটিপূর্ণ। কোনও পৃষ্ঠা নম্বর নেই। ইচ্ছামতো কাগজ ঢুকানো যায়। বের করা যায়।
৩০ এপ্রিল কমিটির সদস্য সচিব তদন্তের জন্য দশ দিনের সময় চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেন। ওই চিঠিতে বলা হয়, ২৪ এপ্রিল তদন্ত কমিটি ওষুধ প্রশাসন এর কার্যালয়ে গিয়ে দেখেন পরিচালক অনুপস্থিত। একজন উপ পরিচালক অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপরজনকে চট্টগ্রামে বদলি করা হয়েছে। ওষুধ প্রশাসনের পরিচালক এর ব্যাক্তিগত সহকারী মো. নুরুল হক তদন্ত কমিটিকে জানিয়েছে, ১২ এপ্রিল থেকে পরিচালক অধ্যাপক হাবিবুর রহমান কর্মরত নেই। তার বাসার ঠিকানাও তারা জানেন না।
৬ মে ওষুধ প্রশাসনের পরিচালক অধ্যাপক ড. হাবিবুর রহমানকে কমিটি থেকে চিঠি পাঠানো হয়। এতে বলা হয়েছে, তদন্ত কমিটি তাকে পায়নি। প্রয়োজনীয় নথিপত্রও পাওয়া যায়নি। এতে তদন্ত কাজে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়।
এ ব্যাপারে ওষুধ প্রশাসন পরিদপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক ড. হাবিবুর রহমান জানান, “১২ এপ্রিল আমার মেয়াদ শেষ হয়ে গেছে। ২২ এপ্রিল থেকে অন্য একজন দায়িত্ব পালন করছেন। ১২ এপ্রিলের পর থেকে আমি আর পরিচালক নই। তাই পরিচালক হিসাবে চিঠি গ্রহণ করিনি। দুই তিন দিন কাজ করেছি সচিবের অনুরোধে। আমি পালিয়ে বেড়াচ্ছি বলে যেসব কথা বলা হচ্ছে তা অত্যন্ত দুঃখজনক।”
বিভিন্ন অভিযোগ সম্পর্কে হাডসন ফার্মাসিউটিক্যালসের স্বত্ত্বাধিকারী মো. শফিউজ্জামানের সঙ্গে যোগযোগ করা হলে তিনি বলেন, আইনে এ ধরনের সুযোগ রয়েছে। যে কেউ অন্য প্রতিষ্ঠান থেকে ওষুধ বানাতে পারে। তবে এজন্য ওষুধ প্রশাসন পরিদপ্তদর থেকে অনুমতি নিতে হয়। অনেকেই বানায়। আমিও বানিয়েছি। এ জন্য নির্দিষ্ট পরিমাণ টাকাও দিতে হয়।
জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানে ট্যাবলেট সরররাহ সম্পর্কে তিনি বলেন, জেসন ওই দরপত্রে উত্তীর্ণই হয়নি। যোগ্যতর প্রতিষ্ঠান হিসাবেই হাডসন কার্যাদেশ পেয়েছে।
