২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি সহায়তায় দুর্নীতি দমন সম্ভব নয়: হাসান মশহুদ

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বলেছেন, দেশ থেকে দুর্নীতির শিকড় উপড়ে ফেলার সংগ্রাম আমাদেরই করতে হবে। বাইরে থেকে বিশেষজ্ঞ বা সাহায্য এনে তা পুরোপুরি দূর করা যাবে না।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2007, 03:18 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

শনিবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে সিইউডিএস আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, “আমার সংস্থার (দুর্নীতি দমন কমিশন) সঙ্গে শর্তযুক্ত বিদেশি সহায়তা কোনো ভাবেই পুরোপুরি জড়িয়ে ফেলতে চাই না।”

তিনি বলেন, বাংলাদেশের দুনীর্তির প্রকার ও এর ডালপালার পরিচয় বাইরের কারও বেশি জানার কথা নয়। তাই সমাধান আমাদের মধ্য থেকেই আসতে হবে।

হাসান মশহুদ চৌধুরী বলেন, যে কর্মকৌশল দুর্নীতি দমন ও প্রতিরোধের জন্য নেওয়া হয়েছে তাতে ছাত্রসমাজ তথা তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। তারা যদি স্বতস্ফূর্তভাবে যোগ না দেয় তাহলে সামরিক, বেসামরিক, আমলা, নানা সংস্থা, ব্যবসায়ী ও বিদেশি বন্ধুদের উপদেশেও কাজ হবে না।

বিভিন্ন সামাজিক আন্দোলনে সফলতার দৃষ্টান্ত উল্লেখ করে তিনি বলেন, নিকট অতীতে ভোটের অধিকারসহ বিভিন্ন আন্দোলন সফল হয়েছে তরুণ সমাজসহ সবার অংশীদারিত্বের কারণে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবির) এর সহযোগিতায় চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) আয়োজিত দুর্নীতি বিষয়ক এই বির্তক প্রতিযোগিতাকে তিনি সময়োচিত পদক্ষেপ হিসাবে বর্ণণা করেন।

বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হকের সভাপতিত্বে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চবি উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলম, সাবেক উপদেষ্টা ও টিআইবির ট্রাস্টি এম হাফিজ উদ্দিন খান, টিআইবির নির্বাহী পরিচালক অধ্যাপক ইফতেখারুজ্জামান, চবির বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক কে এম গোলাম মহিউদ্দিন, বেগম মুশতারি সফি এবং সিইউডিএসের সভাপতি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ।

চার দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতায় চবির ২০টি বিভাগ বাংলা বিষয়ে এবং ১৪টি বিভাগ ইংরেজি বিষয়ের বির্তকে অংশ নিচ্ছে।