হৃদয়কে শেষবারের মতো দেখতে দলের প্রধান কার্যালয়ে শেখ হাসিনা
জরুরি অবস্থা জারির পর প্রথমবারের মতো শেখ হাসিনা শনিবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলেন। কেন্দ্রীয় কার্যালয়ের অফিস সহকারি হৃদয় কুমার সাহাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা বঙ্গবন্ধু এভিনিউয়ে যান।
হৃদয় কুমার সাহা তার কর্ম জীবন শুরু করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের অফিস সহকারী হিসেবে। গত এক বছর শ্বাসকষ্টজনিত রোগে তিনি ভুগছিলেন। শুক্রবার রাত সাড়ে ১১টায় পুরনো ঢাকার ন্যাশনাল হাসপাতালে ৫৫ বছর বয়সে তিনি মারা যান।শনিবার পোস্তোগোলা শ্মশানঘাটে তার মরদেহ দাহ করা হবে।
এদিকে, শেখ হাসিনা আসবেন বলে রোববার সকাল ১০টা থেকেই আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধু এভিনিউয়ে নিরাপত্তা জোরদার করা হয়। চারিদিকে পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া কার্যালয়ের আশেপাশের সকল দোকানপাট করে দেওয়া হয় বন্ধ।
শেখ হাসিনা বঙ্গবন্ধু এভিনিউর প্রধান কার্যালয়ে আসেন সকাল ১১টা ৫৪ মিনিটে। ১২টার দিকে হৃদয়ের মরদেহে ফুল দিয়ে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়ে চলে যান।
এসময় সেখানে দলের সাধারণ সম্পাদক আব্দুল জালিল, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কেন্দ্রীয় নেতা আব্দুল মান্নান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও ডা. দিপু মনিসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে সকালে শেখ হাসিনা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ বন্ধু সিরাজুল ইসলাম চৌধুরীর ছেলে সিরাজুল মান্নান চৌধুরীর মরদেহ দেখতে তাদের বনানীর বাসায় যান। সিরাজুল মান্নান চৌধুরী শুক্রবার গভীর রাতে এ্যাপোলো হাসপাতালে মারা যান।
