সিলেটে ‘কিচেন মার্কেট’ মামলার ১৬ আসামীর জামিন
সিলেটের আলোচিত ‘কিচেন মার্কেট’ দুর্নীতি মামলার ১৬ আসামী জামিন পেয়েছেন।
বিভাগীয় বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ইফতেখার রসুল সিদ্দিক বৃহস্পতিবার আসামীদের জামিন আবেদন মঞ্জুর এবং ১৬ মে মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করেন।
জামিন পাওয়া ১৫ আসামী এত দিন পলাতক ছিলেন। বৃহস্পতিবার সকালে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এর সঙ্গে কারাগারে আটক অপর এক আসামীর জামিনেরও আবেদন করা হয়।
তখন আদালত অভিযোগ গঠনের দিন পর্যন্ত সবার জামিন মঞ্জুর করে।
২০০৩ সালের ৮ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো সিলেটের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক ও বর্তমান ১৬ কমিশনার ও ২ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করে।
গত ৭ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন এ মামলার অভিযোগপত্র দেয়। গত ৫ এপ্রিল সিলেট জেলা ও দায়রা জজ আদালত ১৮ আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অপর আসামী কমিশনার আজাদুর রহমান এর আগে থেকেই অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।
৬ এপ্রিল মামলার প্রধান আসামী বদর উদ্দিন আহমদ কামরানকে গ্রেপ্তার করা হয়। হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে ৮ মে তিনি মুক্তি লাভ করেন।
মামলার অপর আসামী কমিশনার আব্দুল কাইউম জালালী পংকী ৫ মে সিলেটের বিভাগীয় স্পেশাল জজ আদালত থেকে জামিন লাভ করেন এবং আরেক আসামী কমিশনার আব্দুল ওদুদ খালেদ ৩০ এপ্রিল মারা যান।
