২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষার প্রথমদিনে সারাদেশে বহিষ্কার ২৯৭ জন

উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথমদিনে বহিষ্কারের সংখ্যা কেবল রাজশাহী বোর্ডেই দুই অংকের ঘর ছুঁয়েছে। অন্য বোর্ডগুলোতে এবার অনেক কম। সবমিলিয়ে বহিষ্কৃতের সংখ্যা ৩৯ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2007, 08:05 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

তবে সমমানের কারিগরি শিক্ষা বোর্ডে বহিষ্কারের সংখ্যা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ে কয়েকগুণ বেশি। এ বোর্ডে বহিষ্কার হয়েছে ২৪৩ জন। মাদ্রাসা বোর্ডে বহিষ্কার হয়েছে ১৫ শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা কর্মকর্তা নাসির উদ্দিন সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানিয়েছেন, সারাদেশে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আলিম ও এইচএসসি (বিএম) পরীক্ষা শুরু হয় বৃহস্পতিবার।

ঢাকা বোর্ডে সাত জন, যশোর বোর্ডে তিন, রাজশাহী বোর্ডে ১৫, চট্টগ্রাম বোর্ডে এক, সিলেট বোর্ডে চার, বরিশাল বোর্ডে নয়, মাদ্রাসা বোর্ডে ১৫, কারিগরি বোর্ডে ২৪৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। অন্য বছরের তুলনায় এবার পরীক্ষায় অসদুপায় অবলম্বনকারীর সংখ্যা অনেক কম থাকায় বহিষ্কারের সংখ্যা প্রথমদিনে একেবারেই কম বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদরী সকালে রাজধানীর নটরডেম কলেজ, সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ, লালমাটিয়া হাউজিং সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়, মোহম্মদপুর কাদেরিয়া তৈয়েবিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে নকলমুক্ত ও সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। তবে সিদ্ধেশ্বরী কলেজে গিয়ে শিক্ষার্থীর তুলনায় পরিদর্শকের সংখ্যা কম হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন।

চলতি বছর ৫ লাখ ৪১ হাজার ৮শ ১৭ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। ২০০৬ সালের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার বেড়েছে। মোট ১৮ শ ৩২ টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দেশের বাইরেও পাঁচটি কেন্দ্র আছে। বিদেশের কেন্দ্রগুলো রয়েছে রিয়াদ, জেদ্দা, লিবিয়া, আবুধাবি ও দোহায়।

এ বছর ঢাকা বোর্ডে প্রায় ১ লাখ ২৯ হাজার, রাজশাহী বোর্ডে ১ লাখ ৪ হাজার, কুমিল্লা বোর্ডে ৪৬ হাজার, যশোর বোর্ডে ৮০ হাজার, চট্টগ্রাম বোর্ডে ৩৮ হাজার, বরিশাল বোর্ডে ২৪ হাজার, সিলেট বোর্ডে ১৭ হাজার, মাদ্রাসা বোর্ডে ৫২ হাজার ও কারিগরি শিক্ষা বোর্ডে প্রায় ৪৯ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।

যেসব প্রতিষ্ঠানে পাসের হার শূন্য হবে তাদের বিষয়ে মন্ত্রণালয় এবছর কঠোর নীতি নিয়েছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই কঠোর নীতির কথা জানিয়ে বলা হয়, নকলে সহায়তা করায় কোনো শিক্ষক জড়িত থাকলে কঠোর শাস্তি দেওয়া হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অভিযুক্ত শিক্ষককে শাস্তি না দিলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।