প্রধান উপদেষ্টার বক্তব্যের বাস্তব প্রতিফলন দেখতে চান আ. লীগ ও বিএনপি নেতারা
খালেদা জিয়া ও শেখ হাসিনার চলাচলে কোনো বাধা নেই বলে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের দেওয়া বক্তব্যের বাস্তব প্রতিফলন দেখতে চেয়েছেন দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি।
বুধবার বিবিসি ওয়ার্ল্ডকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এ দুই নেত্রীর উপর কোনো ধরনের চাপ বা নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি অস্বীকার করেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, প্রধান উপদেষ্টা যা বলেছেন, আশা করি তার পুরোপুরি বাস্তবায়ন হবে।
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিফলন প্রশাসনের তৎপরতায়ও দেখতে চাই।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুববুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, দুনেত্রীর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই সরকার তাদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ব্যবস্থা নেবে বলে আমি আশা করি।
প্রধান উপদেষ্টার বক্তব্যের বাস্তব প্রতিফলন ঘটবে বলে প্রত্যাশা করছেন ঢাকা মহানগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকা।
তিনি বলেন, দুনেত্রীর বর্তমান অবস্থান ও তাদের স্বাভাবিক চলাচলের বিষয়টি নিয়ে জনমনে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। এ নিয়ে পরস্পরবিরোধী কথা আসছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। তাই প্রশাসনের উচিত, জনগণের কাছে বিষয়টি স্পষ্ট করা।
