ঘুষ নেওয়ার অভিযোগে পটুয়াখালীতে ২ ভূমি কর্মচারী গ্রেপ্তার
ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি অফিসের চেইনম্যান সিরাজুল ইসলাম (৫২) ও ৪র্থ শ্রেণীর কর্মচারী মো. গোলাম আকবর (৪৫) বুধবার রাতে যৌথবাহিনীর গ্রেপ্তার হয়েছে।
রাত ৯ টার দিকে গলাচিপা উপজেলার ভূমি সেটেলমেন্ট অফিসে তারা শফিকুর রহমান নামে এক কৃষকের কাছ থেকে এক হাজার টাকা ঘুষ নিচ্ছিলেন বলে জানিয়েছে যৌথবাহিনী।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক ক্যাপ্টেন হাবিব জানান, তারা দীর্ঘ দিন ধরে ওই এলাকার সাধারণ মানুষের কাছ থেকে ঘুষ নিতেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সেনা, র্যাব ও পুলিশ সদস্যরা সাদা পোশাকে ওঁৎ পেতে ছিল।
সিরাজুল ইসলাম ও গোলাম আকবরকে বুধবার রাতেই গলাচিপা থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে শফিকুর রহমান বাদী হয়ে গলাচিপা থানায় একটি মামলা করেছেন।
