যানজট কমাতে ট্রেনের সময়সূচি বদলানোর অনুরোধ পুলিশের
উত্তরা থেকে কমলাপুর রেল স্টেশনে পৌঁছাতে প্রতিটি ট্রেনকে মোট ২০টি লেভেল ক্রসিং (রেলগেট) পেরুতে হয়। এ সময় রেল গেট বন্ধ থাকার কারণে দিনে প্রায় ছয় ঘণ্টা যানজটে দাঁড়িয়ে থাকে ঢাকাবাসী।
এই অবস্থা থেকে উত্তরণের জন্য এরই মধ্যে রেলওয়ে কর্তপক্ষকে ট্রেনের সময়সূচি বদলানোর অনুরোধ জানিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “এ ব্যাপারে ঢাকার পুলিশ কমিশনারকে রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।”
পুলিশের ট্রাফিক সূত্র জানায়, রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে সকাল আটটা ৪৫ থেকে নয়টা ৪৫ পর্যন্ত এবং বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত যাতে কোনো ট্রেন ঢাকা থেকে ছেড়ে না যায় বা কমলাপুর এসে না পৌঁছায় সেভাবেই ট্রেনের সময়সূচি নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছি। ট্রেনের সময়সূচিতে কিছু পরিবর্তন আনার অনুরোধ জানিয়েছি আমরা। তারা আমাদের জানিয়েছে, যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে ট্রেনের সময়সূচি পুনঃনির্ধারণ করা হবে।”
যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কমলাপুর রেল স্টেশন থেকে উত্তরা পর্যন্ত মোট ২০টি লেভেল ক্রসিং (রেলগেট) রয়েছে। ওই লাইনে প্রতিদিন মোট ৭২টি ট্রেন চলাচল করে। নিরাপত্তার স্বার্থে প্রতিবারই লেভেল ক্রসিং এর গেট বন্ধ রাখতে হয়। প্রতিবার গড়ে পাঁচ মিনিট করে গেট বন্ধ থাকে বলে ক্রসিংগুলোতে দিনে মোট ৩৬০ মিনিট বা ছয় ঘণ্টা যান চলাচল বন্ধ রাখতে হয়। ফলে আশেপাশের সড়কগুলোতেও এর প্রভাব পড়ে। সৃষ্টি হয় যানজট, নগরবাসীর ভোগান্তিও বাড়ে।
ট্রাফিক সূত্রে জানা গেছে, পুরো দিনের মধ্যে সবচেয়ে বেশি যানজট হয় সকাল সাড়ে সাতটা থেকে নয়টা এবং বিকেল থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত সময়ের মধ্যে। সকালে অফিসগামী যাত্রী এবং স্কুল কলেজগামী শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি বিপাকে পড়েন। অফিস ফেরত মানুষ আর বিভিন্ন বিপণি বিতানে কেনাকাটা করতে আসা নগরবাসীর ভোগান্তি বাড়ে সন্ধ্যায়।
