বরিশালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৬ ‘ডাকাত’ নিহত
বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়ানের মাদরকারী গ্রামে বৃহস্পতিবার সকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৬ ‘ডাকাত’ নিহত হয়েছে।
তাদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলো মাদারকারী গ্রামের সিরু মোল্লার দুই ছেলে মিলন মোল্লা, টিটু মোল্লা ও মহসিন সর্দার।
সংঘর্ষের সময় বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই সরকার, উপ পরিদর্শক ফরিদ উজ্জামান, কনস্টেবল ভবরঞ্জন, মো. নাসির উদ্দিন, সাদেক আলী আহত হন। আব্দুল হাইকে শেরে বাংলা মেডিকেলে এবং অপর আহতদের বানারীপাড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফরিদ উজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “মাদারকারী গ্রামে ডাকাত হানা দিয়েছে; এ খবর পেয়ে ওসির নেতৃত্বে রাত ২ টায় পর আমরা অভিযান চালাই। এ সময় ডাকাত দলের এক সদস্য ধারলো অস্ত্র দিয়ে ওসির বুকের বামপাশে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আত্মরক্ষার জন্য আমরা এলোপাথাড়ি গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই ৬ ডাকাত নিহত হয়।”
তিনি জানান, ঘটনাস্থল থেকে দুটি রিভলভার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
