মামুনের উপস্থিতিতেই বিশেষ আদালতে অভিযোগ গঠনের শুনানি
দুর্নীতি দমন কমিশনে নিজে গিয়ে সম্পত্তির হিসাব দাখিল না করায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে কমিশনের দায়ের করা মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আগামী ১৪ মে এ মামলা সম্পর্কে আদালত পরবর্তী নির্দেশনা দেবেন।
বুধবার দুপুরে বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আশরাফ হোসেন এই তারিখ দেন।
মামুনকে বিকেল তিনটায় কেন্দ্রীয় কারাগার থেকে জাতীয় সংসদ ভবনের বিশেষ জজ আদালতে হাজির করা হয়।
মামুনের আইনজীবী ব্যারিস্টার একেএম ফখরুল ইসলাম আদালতকে বলেন, “৩০ এপ্রিল ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোঃ মমিন উল্লাহর আদালতে একবার এ মামলায় অভিযোগ গঠন করা হয়েছেন। অথচ আজ আবার এই আদালতে অভিযোগ গঠন করা হচ্ছে।”
তিনি তার মক্কেলকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান।
জবাবে বিচারক বলেন, “আমার কাছে যে নথিপত্র আছে তাতে আজ এই মামলার অভিযোগ গঠনের শুনানির নির্ধারিত তারিখ।”
শুনানির পর তিনি আদালত মামলার পরবর্তী তারিখ ১৪ মে নির্ধারণ করেন।
৩০ এপ্রিল গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় অভিযোগ গঠন করা হয়। ওই দিনই বিচারক মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ৯ মে ধার্য করেন। তবে মামলাটি ঢাকা মহানগন বিশেষ ট্রাইবুনাল থেকে বিশেষ জজ আদালত-৫ এ স্থানান্তরিত হওয়ায় বুধবার সকালে মামলার নথিপত্র বিশেষ জজ আদালতে পাঠিয়ে দেওয়া হয়।
মামুনকে ২৬ মার্চ তার পুরনো ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। দুর্নীতি দমন কমিশনের নির্ধারিত ৭২ ঘণ্টার মধ্যে সম্পদের হিসাব জমা না দেওয়ায় মামুনের বিরুদ্ধে ৫ এপ্রিল ঢাকার সিনিয়র স্পেশাল ও মহানগর দায়রা জজ আদালতে মামলা দায়ের মামলা করা হয়।
