পাবনার চরাঞ্চলে বাদামের ব্যাপক ফলন
পদ্মা ও যমুনা বেষ্টিত পাবনার চরাঞ্চলে এবার বাদামের বাম্পার ফলন হয়েছে। উৎপাদন খরচ কম, ফলন ভাল ও বেশি লাভ হওয়ায় সেখানকার চরাঞ্চলে বাদাম চাষে আগ্রহী হয়ে পড়ছেন কৃষকরা।
কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক আব্দুল গাফফার জানান, পাবনা জেলার ছয়টি উপজেলায় এক হাজার ৫৮২ হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু আবাদ করা হয়েছে প্রায় দুই হাজার আটশ হেক্টর জমিতে। এই জমিতে প্রায় দুশ কোটি টাকার চার হাজার পাঁচশ মেট্রিক টন বাদাম উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।
মৌসুমের শুরু থেকে আবহাওয়া অনুকূল থাকায় এবং উন্নতমানের বীজ পাওয়ায় কৃষকরা চিনাবাদাম চাষে আগ্রহী হয়ে ওঠেন। জেলার পাবনা সদর, সুজানগর, ঈশ্বরদী, বেড়া, চাটমোহর ও সাঁথিয়া উপজেলার পদ্মা ও যমুনা নদীর চরাঞ্চলে বাদামের বাম্পার ফলন হয়েছে। কয়েক দিনের মধ্যেই এই বাদাম তোলা হবে বলে কৃষকরা জানিয়েছেন।
