দক্ষিণ কোরিয়ায় জনশক্তি রপ্তানিতে চুক্তি করছে সরকার
বাংলাদেশ থেকে ৩০ হাজার দক্ষ শ্রমিক নেবে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও কোরিয়ার শ্রমমন্ত্রী আগামী ছয় জুন এ ব্যাপারে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করতে পারেন।
কোরিয়ার রাষ্ট্রদূত সুম-বুম পার্ক মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “পররাষ্ট্র উপদেষ্টা জুনের প্রথম সপ্তাহে কোরিয়া সফর করবেন। সেখানে তিনি কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও শ্রমমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। ওই সময় তিনি বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির বিষয়ে একটি সমঝোতা স্বারকে স্বাক্ষর করতে পারেন”।
পরারাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাত শেষে দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূত এসব কথা বলেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, ছয় জুন এ চুক্তি হতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, গত মাসে দক্ষিণ কোরিয়া সরকার এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস) ২০০৭-২০০৮ এর আওতায় তাদের শিল্প কারখানার জন্য বাংলাদেশসহ পাঁচটি দেশ থেকে প্রায় দেড় লাখ কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্য চারটি দেশ হচ্ছে নেপাল, মিয়ানমার, পূর্ব তিমুর ও কিরগিজস্তান। প্রত্যেকটি দেশ থেকে ৩০ হাজার করে কর্মী নেওয়ার কথা।
দক্ষিণ কোরিয়া এর আগে বাংলাদেশ থেকে বেসরকারি পর্যায়ে কর্মী নিয়েছে। অবশ্য ২০০৬ সালের ডিসেম্বর থেকে এ প্রক্রিয়ায় জনশক্তি পাঠানোও বন্ধ আছে। আগামী মাসে চুক্তি হলে দেশটি আবারো বাংলাদেশ থেকে শ্রমিক নেবে। এবার বাংলাদেশ থেকে তারা নির্মাণ ও বিভিন্ন শিল্প কারখানার জন্য শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, চুক্তি হলে এই প্রথম দক্ষিণ কোরিয়ায় সরকারিভাবে জনশক্তি রপ্তানির সুযোগ পাবে বাংলাদেশ। সরকারিভাবে শ্রমিক পাঠানোর আগে তাদের কোরীয় ভাষার ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। এতে দক্ষতা অর্জন করলেই কেবল মিলবে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার আনুমোদন।
