২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই ঘরোয়া রাজনীতির নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত: জলিল

অবিলম্বে রাজনৈতিক কর্মকাণ্ড এবং ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 01:38 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

একইসঙ্গে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে আসা মানুষের বিরুদ্ধে মামলা করাকেও ‘দুর্ভাগ্যজনক’ বলে তিনি মন্তব্য করেছেন।

বুধবার মতিঝিলে মার্কেন্টাইল ব্যাংকে তার কার্যালয়ে সাংবাদিকদের আবদুল জলিল বলেন, “নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। দলীয় কর্মকাণ্ড এবং ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা থাকায় আমরা দলীয় ফোরামে আলোচনা করতে পারছি না।”

জলিল বলেন, “নির্বাচন কমিশনকে সাহায্য করার জন্যই দলীয় কর্মকাণ্ড অন্তত পক্ষে ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা যত দ্রুত সম্ভব এবং ‘ইমিডিয়েটলি’ প্রত্যাহার করা উচিত।”

আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মঙ্গলবার মামলা দায়ের প্রসঙ্গে জলিল বলেন, “আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা দেশের ফেরার পর মানুষ স্বতস্ফুর্তভাবে তাকে সংবর্ধনা দেয়। এটি দলীয়ভাবে পরিকল্পিত কোনও সংবর্ধনা ছিল না। অনেক দিন পর নেত্রী দেশে ফেরায় মানুষ প্রাণের আবেগে তাকে দেখতে যান।”

দলের সাধারণ সম্পাদক বলেন, “এই মানুষগুলোর বিরুদ্ধে মামলা হওয়া ‘দুর্ভাগ্যজনক’। এই মামলার সঙ্গে আওয়ামী লীগের কোনও নেতাকর্মীর নাম জড়িত করা হলে আমরা অবশ্যই আইনগতভাবে মোকাবিলা করবো।”