প্রশাসনে ছয় কর্মকর্তা পদে রদবদল
প্রশাসনের উপ-সচিব ও সিনিয়র সহকারী সচিব পর্যায়ের ছয় কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে। এদের মধ্যে চারজন উপ-সচিব ও দুইজন সিনিয়র সহকারী সচিব।
মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে এসব বদলির আদেশ জারি করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মতিউর রহমানকে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিচালক, রাজশাহীর প্রত্যাহৃত জেলা প্রশাসক (ডিসি) ডা. আমিনুল ইসলামকে জাতীয় নাট্যশালা নির্মাণ (২য় পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ-সচিব প্রিয়জ্যোতি খীসাকে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর পরিচালক এবং কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আকরাম হোসেনকে বেসরকারিকরণ (প্রাইভেটাইজেশন) কমিশনের উপ-পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল আলম চৌধুরী এবং কক্সবাজারের সিনিয়র সহকারী কমিশনার শিবির বিচিত্র বড়ুয়াকে প্রেষণে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে।
