২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোরাচালানসংক্রান্ত ৪৪৮২টি মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ

সীমান্ত এলাকায় বিডিআরের দায়ের করা চোরাচালান সংক্রান্ত ৪৪৮২টি মামলার নিষ্পত্তি এখনও হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2007, 06:48 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

মঙ্গলবার জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় এই তথ্য জানিয়ে মামলগুলো দ্রুত নিষ্পত্তি ও বিচারকাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে সারাদেশের চোরাচালানীদের তালিকা হালনাগাদ করতেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মইনুল হোসেন।

সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সচিব আবদুল করিম জানান, চোরাচালান রোধে বিভিন্ন সীমান্ত এলাকাসহ ৪০টি জেলায় চোরাচালান প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির তৎপরতার কারণে বিভিন্ন সীমান্ত এলাকায় চোরাচালান কমেছে। তবে সার ও ডিজেল এখনও পাচার হয়ে যাচ্ছে। এই পাচার রোধে পদক্ষেপ নিতে বলা হয়েছে। এ ছাড়া সারের উপরে সরকারের দেওয়া ভর্তুকি যাতে প্রান্তিক চাষীদের উপকারে আসে সে ব্যবস্থা নিতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, সভায় আরও জানানো হয়, রেলপথে মাদকসহ বিভিন্ন চোরাচালান রোধে ২৫টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। চট্টগ্রাম বন্দরের মধ্য দিয়ে চোরাচালান রোধে ‘কন্টেইনার স্ক্যানার’ স্থাপনের বিষয়েও সভায় আলোচনা হয়। নৌ পরিবহণ মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে সাড়া পাওয়া না গেলে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষকে নিজ উদ্যোগে এই স্ক্যানার স্থাপন করতে বলা হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন, এফবিসিসিআই এর প্রেসিডেন্ট মীর নাসির হোসেন, বিডিআরের মহাপরিচালক, পুলিশের উপমহাপরিদর্শক, বিভাগীয় কমিশনারগণ, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা।