২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় লাফিয়ে পড়ে এক গৃহবধু নিখোঁজ

চলন্ত ফেরি থেকে পদ্মায় লাফিয়ে পড়ে নিখোঁজ হয়েছে সেলিনা (১৮) নামে এক গৃহবধু। মঙ্গলবার সকাল ১১টার দিকে দৌলতদিয়া থেকে পাটুরিয়া আসার পথে মাঝ নদীতে ফেরি শাহপরানে এই ঘটনা ঘটে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2007, 06:22 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

নিখোঁজ গৃহবধু কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার এলোঙ্গী আচার্য গ্রামের জনৈক জহিরুল ইসলামের স্ত্রী।

মানিকগঞ্জের শিবালয় থানার পাটুরিয়া নৌ ফাঁড়ি পুলিশ ও প্রত্যক্ষদর্শী ফেরির যাত্রী শাওন ও ইদ্রিস জানান, ১১টার দিকে সেলিনা গাড়ি থেকে নিচে নেমে আসেন।

এর পর তিনি ফেরির রেলিংয়ের কাছে গিয়ে হঠাৎ নদীতে ঝাঁপিয়ে পড়েন। এসময় তার স্বামী জহিরুল ফেরির ওপরের তলায় ছিলেন।

জহিরুলের বরাত দিয়ে পাটুরিয়া নৌ ফাঁড়ির ইনচার্জ এমদাদুল হক জানান, মাস দশেক আগে জহিরুলের সঙ্গে সেলিনার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা জহিরুলের কর্মস্থল নারায়ণগঞ্জের ফতুল্লায় থাকতেন।

বুধবার জহিরুল তার স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি কুষ্টিয়ায় বেড়াতে যান। ফেরার পথে এই ঘটনা ঘটে।

জহিরুল সাংবাদিকদের জানান, বিয়েতে সেলিনার সম্মতি ছিল না। এ নিয়ে দাম্পত্য কলহ চলছিল। সম্ভবত একারণেই সেলিনা ফেরি থেকে নদীতে লাফিয়ে পড়ে আত্মহত্যার জন্য।

নৌ ফাঁড়ির ইনচার্জ এমদাদুল হক জানান, ঘটনার ৪ ঘন্টার পর বিকেল ৩ টায় মানিকগঞ্জের দমকল বাহিনীর ডুবুরীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত দেন। সন্ধ্যা সোয়া ছয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।