নাটোরে দুলুর ভাই, ভাগ্নে ও ভাতিজাসহ ১২ জন কারাগারে
গান পাউডার দিয়ে ১৮টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেওয়ার দুটি মামলায় আদালত সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর চার ভাই, ভাগ্নে, ভাতিজা ও ব্যক্তিগত সচিবসহ ১২ জনের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়ে দিয়েছে।
হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে আসামীরা আÍসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর পরপরই কারা কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থায় তাদের নাটোর জেলা কারাগারে নিয়ে যায়।
আদালত সূত্র জানায়, বাড়ি পোড়ানো ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলায় সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাই নুরুন্নবী তালুকদার, আতিকুর রহমান তালুকদার, নজিবুর রহমান তালুকদার, আবিদুর রহমান তালুকদার, ভাতিজা রেন্টু তালুকদার, ভাগ্নে বেলাল, হেলাল, বুলবুল ও নাতি আলমগীর, ভাতিজী জামাই রহিম নেওয়াজ, ব্যক্তিগত সচিব মোহাম্মদ সরোয়ার এবং রফিক মাস্টার আÍসমর্পণ করে জামিনের আবেদন করেন।
মামলা দুটি রাজশাহী বিভাগীয় কমিশনার কর্তৃক জনগুরুত্বপূর্ণ বিবেচিত হওয়ায় দায়রা জজ আবদুস সাত্তার ভূঁইঞা তাদের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ১২ মার্চ আসামীরা হাইকোর্টে এই মামলায় (মিসকেস নং-২৯৪৯/০৭) জামিন চাইলে আদালত তাদের আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে আদালত তাদেরকে আট সপ্তাহের মধ্যে দায়রা জজ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। নির্ধারিত সময়ের শেষ দিন অর্থাৎ মঙ্গলবার আসামীরা দায়রা জজ আদালতে হাজির হন।
নাটোর সদর উপজেলার রামশাকাজিপুর গ্রামের আসাদুজ্জামান বাদী হয়ে গত ২৫ ফেব্রুয়ারি এই মামলাটি দায়ের করেন। মামলার ৫৯ জন আসামী হাইকোর্ট থেকে জামিনে মুক্ত আছেন। তবে ৩৩ জন আসামী এখনও পলাতক রয়েছে। প্রধান আসামী সাবেক ভূমি উপমন্ত্রী দুলুসহ ১৩ জন দেশের বিভিন্ন কারাগারে আটক রয়েছে।
