মান্দায় বোমা বিস্ফোরণ ঘটনার সন্দেহভাজন আসামী নিহত
নওগাঁর মান্দা উপজেলার চকরামাকান্তপুর গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন আসামী ইয়াসিন আলী (৪৫) নামে এক গ্রাম পুলিশকে হত্যা করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার সকালে রাজশাহীর বাগমারা উপজেলার দামনাশ গ্রামের রাস্তার পাশে একটি গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মর্গে পাঠিয়েছে। নিহত ইয়াসিন মান্দা উপজেলার চকরামাকান্তপুর গ্রামের মতুল্লার ছেলে।
মান্দার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সোহেল রেজা জানান, নিহত ইয়াসিন আলী গত ৪ মে চকরামাকান্তাপুর গ্রামে দুটি বোমা বিস্ফোরণের ঘটনায় প্রধান সন্দেহভাজন আসামী। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। তার ধারণা, সোমবার রাতের কোন এক সময় তাকে পিটিয়ে অথবা শ্বাসরোধ করে হত্যার পর লাশ গাছের ডালে টাঙিয়ে রাখে সন্ত্রাসীরা।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা গোলাম সারোয়ার জানান, নিহতের স্ত্রী আনোয়ারা বেগম এ ঘটনায় একটি এজাহার জমা দিয়েছেন। তবে বেলা সাড়ে তিনটা পর্যন্ত তা মামলা হিসেবে গ্রহণ করা হয়নি।
