২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

নগরীর বাদুরতলা আরাকান হাউজিং সোসাইটিতে মঙ্গলবার সকালে ডাকাতির সময় অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2007, 03:01 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

আটককৃতরা হলো, আলী আক্কাস (২৬), মোহাম্মদ উল্লাহ (২৫), আব্দুর রহিম (২৬), মো. জাকির (২৫), মো. মনির (২৩) ও খোকন (২৫)।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, সকাল ১১টার দিকে তারা খবর পান এর আগে চন্দনপুরায় ডাকাতির ঘটনায় জড়িত একদল ডাকাত বাদুরতলায় অবস্থান করছে। তারা আরাকান হাউজিং সোসাইটির দুই নম্বর সড়কের ২৩ নম্বর বাসার নিচতলায় ডাকাতদের অবস্থান চিহ্নিত করেন। বাসায় ঢোকার চেষ্ট করতেই ডাকাতরা ভিতর থেকে গুলি করতে থাকে। এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে দুই ডাকাত আহত হয়।

তিনি জানান, কমপক্ষে ১২/১৫ রাউন্ড গোলাগুলির পর সাত সদস্যের ডাকাতদলের ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দুটি চাপাতি ও একটি শাবল উদ্ধার করা হয়েছে। বাসা থেকে লুট করা কিছু টাকা ও স্বর্ণালংকারও উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক ডাকাত পালিয়ে যায়।

বাড়ির দ্বিতীয় তলার বাসিন্দা কলেজ ছাত্র জে এস সুকর্ণ জানান, ডাকাতদল সকাল ১১টার দিকে আবু জাফর মাস্টারের বাসায় মেহমান পরিচয় দিয়ে কলিংবেল টিপে প্রবেশ করে। এ সময় বাসায় কাজের মহিলা আরজু ছাড়া আর কেউ ছিল না। সশস্ত্র ডাকাতদল তাকে বাথরুমে আটকে রেখে আলমিরা ভেঙে টাকা ও গহনা লুট করে।

কোতোয়ালি থানা জোনের সহকারী পুলিশ কমিশনার আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, এর আগে দিনের বেলা নগরীতে বেশ কয়েকটি ডাকাতির সঙ্গে এই ডাকাতরা জড়িত। আটক ডাকাতদের কয়েকজন প্রাথমিকভাবে স্বীকার করেছে তারা চন্দনপুরা, মেহেদীবাগ, দেব পাহাড় ও সিরাজউদ্দৌলা সড়কের কয়েকটি বাড়িতে ডাকাতির সঙ্গে জড়িত ছিল।

পাঁচলাইশ থানা জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান জানান, গুলিবিদ্ধ দুই ডাকাতকে দুপুর দেড়টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।