২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার বাসভবন ঘিরে তিনস্তরের নিরাপত্তা বলয়

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনের চারপাশে মঙ্গলবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2007, 04:06 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

সকাল থেকেই তিনজন সহকারী কমিশনারের নেতৃত্বে তিন প্লাটুন পুলিশ সেখানে মোতায়েন রয়েছে।

বেলা দেড়টার একটু পরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক এবং তথ্য ও গবেষণা সম্পাদক নূহ আলম লেনিন সুধা সদনে যান।

শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ড. হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, “মঙ্গলবার সকাল থেকে নিরাপত্তা ব্যবস্থা একধাপ বাড়ানো হয়েছে। আগে দুই স্তরের ব্যারিকেড থাকলেও এখন তা তিনস্তর করা হয়েছে।”

তিনি বলেন, শেখ হাসিনার সঙ্গে দেখা করার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই, কিন্তু জরুরি অবস্থা চলায় দলবদ্ধভাবে তার সঙ্গে দেখা করা যাবে না।

সোয়া দুইটার দিকে সুধা সদন থেকে বের হন আবদুর রাজ্জাক। এ সময় অপেক্ষমান সাংবাদিকদের তিনি বলেন, “দলীয় সভানেত্রী অনেকদিন পর দেশে ফিরেছেন। এজন্য সৌজন্য দেখা সাক্ষাৎ করতে এসেছিলাম।”

বর্তমান পরিস্থিতি নিয়ে শেখ হাসিনার সঙ্গে আলোচনা হয়েছে কিনা; এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “পরে সময় সময় হলে বৈঠক করে সিদ্ধান্ত নেব।”

এর কিছুক্ষণ পরই শেখ হাসিনার সঙ্গে দেখা করে সুধা সদন থেকে বের হন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী। সাংবাদিকদের তিনি বলেন, “সাংবিধানিক ধারা অনুযায়ী এই সরকারের কোনো ভিত্তি নেই। এই সরকার হলো ড. ফখরুদ্দীন আহমদের কাউন্সিল। তবে এই সরকারের ব্যাপক জনসমর্থন রয়েছে। আমাদের নেত্রীও প্রধান উপদেষ্টার শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন।”

সংস্কার প্রসঙ্গে সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করে তিনি বলেন, “কিসের সংস্কার। রাজনৈতিক দল তাদের সংস্কার নিজেরাই করবে। এই সরকারের কাজ যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠান করা। কোন দল কী সংস্কার করবে সেটা বলে দেওয়া এই সরকারের কাজ নয়।”

আড়াইটার দিকে সুধা সদন থেকে বের হন নূহ আলম লেনিন ও নাজমা রহমান। সাংবাদিকদের নাজমা রহমান বলেন, “নেত্রী ফিরে আসায় আমরা খুবই আনন্দিত। তার অবর্তমানে আমরা সংকটে ছিলাম। বর্তমান পরিস্থিতিতে তার প্রয়োজন আছে।”

এদিকে হাসিনার সঙ্গে দেখা করতে আসা দলীয় নেতাকর্মীরা পুলিশি বাধার মুখে পড়ছেন। বেলা ১২টার দিকে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সিরাজ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক আহমেদ চৌধুরীসহ তিন নেতা সুধাসদনে ঢোকার সময় পুলিশ তাদের বাধা দেয়। এ সময় কর্তব্যরত পুলিশ কর্মকর্তা বলেন, সুধাসদনের ভিতর থেকে দেখা করার ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। তিনি সেখানে জড়ো হওয়া সাংবাদিকদেরও চলে যেতে বলেন। পরে ড. হাসান মাহমুদ আওয়ামী লীগের তিন নেতাকে ভেতরে নিয়ে যান।

এ বিষয় জানতে চাইলে হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন যে এখানে যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা সবাই নতুন। তাই সমন্বয়ে সমস্যা হয়েছে।

সুধাসদনের আশপাশের পথচারীদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাদের চলাচলের কারণ পুলিশের কাছে গ্রহণযোগ্য না হলে অন্য পথ দিয়ে গন্তব্যে যেতে বলা হচ্ছে।

শেখ হাসিনার চলাচলে কোনো বাধা আছে কিনা জানতে চাইলে হাসান মাহমুদ বলেন, “এ ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা নেই। তবে তিনি আজ বের হবে না। কর্মসূচি ঠিক করা হলেই তিনি বাইরে যাবেন।”

প্রসঙ্গত দীর্ঘ ৫২ দিনের যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর শেষে শেখ হাসিনা সোমবার বিকেলে দেশে ফেরেন।