২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি তদন্তে হাসিনা ও খালেদাকে ইতিবাচক সাড়া দিতে হবে: ড. কামাল

আওয়ামী লীগ ও বিএনপির শাসনামলে দেশে সংগঠিত দুর্নীতির তদন্তের ব্যাপারে শেখ হাসিনা ও খালেদা জিয়ার আন্তরিক হতে হবে বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2007, 12:27 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

বেসরকারি টেলিভিশন এটিএন বাংলাকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, দল দুটির শাসনামলে যেসব দুর্নীতি হয়েছে তার জবাবদিহিতা দলীয় প্রধানদেরই করতে হবে।

খালেদা জিয়া সম্পর্কে তিনি বলেন, “উনি প্রধানমন্ত্রী থাকার সময় যেসব দুর্নীতি হয়েছে তার জন্য তাকে জবাবদিহি করতে হবে। সে সময় ক্ষমতার অপব্যবহার করে, তার নাম ভাঙিয়ে বা কোনো ভবনের নাম ব্যবহার করে যে কেউই দুর্নীতি করুক না কেন তার বিচারের ব্যাপারে তাকে ইতিবাচক হতে হবে।”

শেখ হাসিনাকেও তার সময়ে সংগঠিত দুর্নীতির তদন্তে সহযোগিতা করার আহ্বান জানান ড. কামাল হোসেন। তিনি বলেন, “শেখ হাসিনা বলেছেন, সরকার ভালোভাবে কাজ করুক এটাই তিনি চান। এজন্য ওনার শাসনামলে যেসব অভিযোগ উঠেছিল সেগুলোর তদন্তে তার ইতিবাচক হওয়া উচিত।”

ড. কামাল হোসেন আরও বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নন। সন্ত্রাস বা দলীয় প্রভাবের বাইরে দেশে একটি সুষ্ঠু নির্বাচন হওয়া প্রয়োজন। নির্বাচন পূর্ব বাণিজ্য বন্ধের উদ্যোগ নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।