জামালপুরে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত
জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের কটারবাড়ি এলাকায় সোমবার সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
নিহতরা হচ্ছেন, জামালপুর সদরের হরিপুরের আবদুল কাদের মুন্সী (৫৫), জিগাতলার শাহজাহান মুন্সী (৫৩), আটালিয়ার আহসান হাবিব (৫৫) কচুয়া পাড়ার সুরুজ আলী (৪০) ও গোপালপুরের আহসান আলী মুন্সী।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ খান জানান, জামালপুর থেকে বালি ভর্তি একটি ট্রাক একটি যাত্রী বোঝাই ভটভটিকে (শ্যালো ইঞ্জিন চালিত ভ্যান) ধাক্কা দিলে ভটভটিটি দুমড়ে মুচড়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে আহসান আলী মারা যান।
আহতদের জামালপুর সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
