প্রবাহ স্বাভাবিক রাখতে ঢাকায় যমুনার পানি আনবে সরকার
ঢাকা মহানগরীতে পানি সরবরাহ স্বাভাবিক রাখতে যমুনা নদী থেকে পানি আনার উদ্যোগ নিয়েছে সরকার।
এক্ষেত্রে ধলেশ্বর নদী সংস্কার করে যমুনা নদীর পানি ঢাকার পাশের বালু, তুরাগ, শীতলক্ষ্যা এবং বুড়িগঙ্গা নদীতে আনা হবে।স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে সোমবার বিকালে ঢকা মহানগরীতে পানির সরবরাহ পরিস্থিতি নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার, পল্লী ও সমবায় উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবাল বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন।
উপদেষ্টা জানান, টাঙ্গাইলের নাগপুরের ধলেশ্বর নদী সংস্কার করে যমুনার পানি প্রবাহ ঢাকার পার্শ্ববর্তী চারটি নদীতে আনা হবে এবং পানি শোধনাগারের মাধ্যমে তা সরবরাহ সম্ভব হবে। এতে প্রায় ৩০০ কোটি টাকা খরচ হতে পারে বলে তিনি জানান।
উপদেষ্টা আরও বলেন, “বিগত সরকারের সময় মাওয়া থেকে পাইপ লাইনের মাধ্যমে ঢাকা মহানগরে পানি সরবরাহের জন্য নেওয়া এক হাজার ৫০০ কোটি টাকার প্রকল্পটি বাতিল করা হবে। এতে প্রায় এক হাজার ২০০ কোটি টাকার সাশ্রয় হবে। এব্যাপারে সংশ্লিষ্ট সকলকে প্রকল্পটি পরীক্ষা-নিরীক্ষার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, যমুনা নদীতে সারা বছর পানি প্রবাহ থাকে এবং এতে ফারাক্কার প্রভাব পড়ে না। ফলে সারা বছর পানির স্বাভাবিক প্রবাহ অব্যাহত রাখা যাবে। এতে পাশের নদীগুলোর নাব্যতা স্বাভাবিক থাকবে এবং পানির সমস্যাও মিটবে।
উপদেষ্টা জানান, ঢাকা ওয়াসা প্রতিদিনের চাহিদা ২০০ কোটি লিটারের বিপরীতে ১৭৫ কোটি লিটার পানি উৎপাদন করে।
তিনি বলেন, “আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতার হাত থেকে ঢাকা মহানগরীকে রক্ষার জন্য অবৈধভাবে দখল করা খালগুলো উদ্ধারের কাজ চলছে এবং প্রয়োজনে পুনঃখননও করা হচ্ছে। এব্যাপারে প্রধান উপদেষ্টার বিশেষ নির্দেশ রয়েছে বলেও তিনি জানান।”
