কুষ্টিয়ায় অস্ত্র মামলায় একজনের ১৪ বছরের কারাদণ্ড
কুষ্টিয়ায় অস্ত্র মামলায় তাইজাল হোসেন নামে এক ব্যক্তিকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত।
বিশেষ ট্রাইবুনাল আদালত-৫ এর বিচারক আলহাজ আবুল হোসেন খন্দকার সোমবার দুপুরে এ রায় দেন। রায়ে আসামীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
তাইজাল হোসেন (৩০) কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদাখাড়ারা গ্রামের নুরু সর্দারের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালে ১১ এপ্রিল মিরপুর থানা পুলিশ নওদাখাড়ারা গ্রামে অভিযান চালিয়ে একটি শার্টার গানসহ তাইজালকে গ্রেপ্তার করে। ওইদিনই মিরপুর থানায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা হয়। পরবর্তী সময়ে এটি বিশেষ ট্রাইব্যুনালের মামলা হিসেবে শুনানি হয়। মামলার দীর্ঘ শুনানিতে তাইজালের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হলে আদালত এ রায় দেন।
