বিএনপি নেতা হান্নান শাহ এর বিরুদ্ধে হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে মামলা
খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহর বিরুদ্ধে হত্যাপ্রচেষ্টা এবং বিস্ফোরক ও অস্ত্র আইনে রোববার গাজীপুরের আমলি আদালতে মামলা হয়েছে।
হান্নান শাহ দাবি করেছেন সরকারের প্ররোচনায় এ মামলা দায়ের করা হয়েছে ।
গত বছরের ২৮ অক্টোবর কাপাসিয়ার সাফাইশ্রীতে আওয়ামী লীগের মিছিলের ওপর গুলি ও বোমা বর্ষণের ঘটনায় কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় হান্নান শাহসহ ৯৮ জন বিএনপি নেতা-কর্মীর নাম-ঠিকানা উল্লেখ করে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে আওয়ামী লীগের শান্তিপূর্ণ মিছিল উপজেলা পরিষদের সামনের রাস্তা দিয়ে সাফাইশ্রী মোড় অতিক্রমের সময় আসামিরা পিস্তল, বন্দুক, হাতবোমা, ককটেল, রামদা ও লোহার রড নিয়ে হামলা চালায়। এসময় ব্রিগেডিয়ার হান্নান শাহ ও অপর আসামি খায়রুল বাশার বাদশা মিয়া পিস্তল দিয়ে গুলি করেন।
হান্নান শাহ’র পিস্তলের গুলি কিশোরের কপাল, কাইয়ুমের বাম হাঁটু ও মিথুনের মাথায় বিদ্ধ হয়। এ ছাড়া জুয়েল ও আল আমীনসহ ২০/২৫ জন আহত হন।
এজাহারে আরও বলা হয়, ইতোপূর্বে ঘটনার ব্যাপারে কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ করা হলেও রাজনৈতিক পরিবেশ বৈরি থাকায় বাদী কোন প্রতিকার পাননি।
দুই নং আমলি আদালতের বিচারক ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মল্লিকা খাতুন এজাহারটি নথিভূক্ত করেন। তিনি কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনাটির তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
রোববার রাতে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, তিনি আদালতের কাগজ হাতে পেয়েছেন। উপ-পরিদর্শক মুক্তাদের হোসেনকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে আ স ম হান্নান শাহ তার বিরুদ্ধে দায়ের করা মামলাকে ষড়যন্ত্রমুলক বলে দাবি করেছেন।
রোববার রাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “ মামলাটি সরকারের প্ররোচনায় দায়ের করা হয়েছে বলে আমি মনে করি। এ মামলার কোন ভিত্তি নেই। সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।”
তিনি বলেন, “ গত বছরের ২৮ অক্টোবর আওয়ামী লীগের সশস্্র ক্যাডার বাহিনী আমার কাপাসিয়ার বাড়িতে হামলা চালিয়েছিল। হামলা চালিয়ে আমার বাড়ি ভাচুর করা হয়। সে দিন আমি আত্মরক্ষার জন্য ওই হামলা থেকে সরে এসে বেঁচে গেছি। আজ যে মামলা করা হয়েছে সেখানে উল্টো আমার বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়েছে।”
তিনি আরো বলেন, “ আমি যখন দলের চেয়ারপারসন এবং আমার নেত্রীর পক্ষে কথা বলছি, তখনই এ মামলাটি দায়ের করা হলো।
