মির্জা আব্বাসের বিরুদ্ধে বাড়ি বিক্রির মামলায় চারজনের জবানবন্দি
সাজানো নিলামের মাধ্যমে বাড়ি বিক্রির অভিযোগে মির্জা আব্বাস ও ১১ সহযোগীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় চার সাক্ষী জবানবন্দি দিয়েছেন।
রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় সরকারি মালিকানাধীন ১৮টি পরিত্যক্ত বাড়ি বাজার মূল্যের চেয়ে কম দামে বিক্রয় করার অভিযোগে গত ২৯ মার্চ এ মামলা দায়ের করা হয়।
রোববার মহানগর হাকিম এবিএম আবদুল ফাত্তাহর খাস কামরায় ১৬৪ ধারায় এ জবানবন্দি গ্রহণ করা হয়। এ চার সাক্ষী হলেন বাড়িগুলো বেচাকেনায় জড়িত ফকির মাহবুব আলম, ইফতেখার উদ্দিন আহমেদ, আহম্মেদ ইকবাল এবং এ ওয়াই মোঃ কামাল।
প্রসঙ্গত, গত ২৯ মার্চ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শফিউল আলম মতিঝিল থানায় মির্জা আব্বাস ও তার ১১ সহযোগীর বিরুদ্ধে এ মামলা দায়ের করেছিলেন।
মামলার অভিযোগে বলা হয়, মির্জা আব্বাস ও তার ১১ সহযোগী রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি ও নিউ ইস্কাটনে অবস্থিত সরকারি ১৮টি পরিত্যক্ত বাড়ি বাজার মূল্যের চেয়ে কম দামে বিক্রয় করেন। এতে সরকারের ১২৭ কোটি ৬৪ লাখ টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে।
মামলার অন্য আসামিরা হচ্ছেন প্রকৌশলী কাজী রিয়াজুল মনির ও সৈয়দ মাহফুজ আহমেদ, তত্ত্ববধায়ক মোঃ মোহাম্মদ আলী, রাজউকের পরিচালক (অর্থ) হুমায়ূন খান, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব এসএম জাফরউল্লাহ, সোনারগাঁ হোটেলের ব্যবস্থাপনা পরিচালক গোলাম নবী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সািচব মীর মোশাররফ হোসেন, পর্যটন মন্ত্রণালয় সচিব মো. শহীদ আলম, প্রধান প্রকৌশলী মো. এমদাদুল ইসলাম, তত্ত্ববধায়ক প্রকৌশলী আ. খালেক এবং জিয়াউদ্দিন।
