‘ঢাকার পূর্বাঞ্চলে প্রতিদিন ১৯ হাজার বর্গফুট জলাভূমি কেড়ে নিচ্ছে ভূমিদস্যুরা’
ঢাকার পূর্বাঞ্চলের বেরাইদ এলাকায় প্রতিদিন ১৯ হাজার ১৩৪ বর্গফুট জলাভূমি কেড়ে নিচ্ছে ভূমি দস্যুরা। এভাবে চললে ২০২৯ সালের পর ওই এলাকায় আর কোনো জলাভূমিই থাকবে না।
রোববার “ঢাকা মহানগরীর পরিবেশ ও জনজীবনে পূর্বাঞ্চলের জলাধারগুলোর গুরুত্ব ও স্থানীয় জনগণের ভাবনা” শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
সেমিনারে উপস্থিত কয়েকজন বেরাইদবাসী জানান, বসুন্ধরা, বসুমতি, সানভ্যালীসহ বিভিন্ন ডেভেলপাররা জোর করে তাদের জমি কিনে নিতে চাইছে। তা না পারলে ভুয়া দলিল করে দখল করে নিচ্ছে। বাপ দাদার আমলের জমি হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন তারা। অন্যদিকে স্থানীয়দের কাছ থেকে প্রতি বিঘা তিন থেকে আট লাখ টাকায় কিনে তাতে বালু ভরাট করে কাঠা প্রতি আট লাখ টাকায় বিক্রি করছে ডেভেলপাররা।
পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী এনামুল হক বলেন, ভূমি দস্যুরা জোর করে উর্বরা জমি দখল করেছে। তাদের শাস্তি হওয়া উচিত।
তিনি আরো বলেন, “ঢাকায় যতোগুলো বর্জ্য শোধনাগার থাকার কথা তা নেই। ঢাকার ৮৫ শতাংশ বর্জ্য ছোটো ছোটো খালের মাধ্যমে পূর্বাঞ্চলের জলাধারে গিয়ে মিশছে। এভাবে পূর্বাঞ্চল যদি ভরাট হয়ে যায় তাহলে একসময় পুরো ঢাকার বর্জ্য ঢাকাবাসীকেই বহন করতে হবে। তখন ঢাকা হবে আরেকটি ভবদহ।”
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আহবায়ক আবু নাসের খান বলেন, “পূর্বাঞ্চল আছে বলে গরম ও শীতকালের তাপমাত্রা এখনো সহনীয় পর্যায়ে আছে।”
বেরাইদ ভূমি মালিক সমাজকল্যাণ সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, “সারা বছর খাওনের মতো ফসল আর হয় না। বৈশাখ আসলে আগে মুড়ি, পিঠা, জাউয়ের মতো মজার খাওন খাইতে পারতাম। জলাভূমির থেইকা মাছ ধরতে পারতাম। এখন সবই স্বপ্ন। শাহআলমের ক্যাডার বাহিনী আমাগো জমি দখল কইরা নিছে।”
অনুষ্ঠানের বিশেষ অতিথি সাবেক বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী বলেন, জনদুর্ভোগ লাঘবের জন্য এখন জনকর্তৃত্বের সরকার দরকার। যেভাবে মানুষ রুখে দাড়াচ্ছে তাতে জনবিপ্লব আসন্ন।
জাতীয় প্রেসক্লাবে পরিবেশ বাঁচাও আন্দেলন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং বেরাইদ ভূমি মালিক কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রুখসানা হাফিজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন একই বিভাগের শিক্ষক ইশরাত ইসলাম।
