বাগেরহাটের দুটি বাসের সংঘর্ষে আহত ৩০
চিতলমারীতে মাদ্রাসা শিক্ষার্থীবাহী একটি বাসের সঙ্গে অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
আহতদের ২০ জনকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ছয় শিক্ষার্থীর অবস্থা গুরুতর। রোববার সকালে চিতলমারী-পাটগাঁতি সড়কের শিবপুরে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত শিক্ষার্থীরা হলেন, আকলিমা (১৬), শান্তা (১৪), মিথিলা (১৪), মৌসুমী (১৬), শহিদুল (১৩) ও শারমিন (১০)।
পুলিশ জানায়, আড়ুয়াবর্নি দাখিল মাদ্রাসার ভকেশনাল কোর্সের একদল শিক্ষার্থী খুলনায় শিক্ষা সফরে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে শিক্ষার্থীদের বাসটির সংঘর্ষ হয়।
বাস দুটি আটক করা হয়েছে।
