২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাসপোর্ট অফিসের সামনে পুলিশের লাঠিপেটা, দৌড়াতে গিয়ে একজনের মৃত্যু

রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসের সামনে পুলিশের হঠাৎ লাঠিপেটায় দৌড়াতে গিয়ে লেবু মিয়া (৪৫) নামে এক ব্যক্তি রাস্তায় লুটিয়ে পড়ে মারা গেছেন। লাঠির আঘাতে আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 07:08 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

ভিড় সামলাতে পুলিশ পাসপোর্ট অফিসে ঢোকার লাইনে দাঁড়ানো লোকজনকে দুপুরের দিকে হঠাৎ লাঠিপেটা শুরু করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

দুই ছেলে ও এক মেয়ের জনক লেবু মিয়ার বাড়ি টাঙ্গাইলে। তিনি ঢাকার মহাখালীতে এমএসএইচ গার্মেন্টেসের কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাসপোর্ট অফিসে প্রবেশের জন্য অন্যান্য দিনের চেয়ে রোববার একটু বেশিই ভিড় হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ হাঁকডাক করছিল। লাইন ধরে অপেক্ষারত লোকজনকে দুপুর দেড়টার দিকে পুলিশ হঠাৎ বেধড়ক লাঠিপেটা শুরু করে। কয়েকজনকে অফিসের ভেতরেও টেনে নিয়ে গিয়ে পুলিশ পেটায় বলে অভিযোগ পাওয়া গেছে।

লাঠিপেটায় ছত্রভঙ্গ লোকজনের সঙ্গে লেবু মিয়াও দৌড় দেন। কিন্তু সামান্য দূরে একটি দোকানের সামনে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পাশের একটি ফার্মেসির লোকজন তুলতে গিয়ে দেখেন তিনি মারা গেছেন।

আহত প্রত্যেকের শরীরে লাঠির আঘাতের সুস্পষ্ট চিহ্ন দেখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর প্রতিবেদক। মেরুল বাড্ডা থেকে আসা আইনউদ্দিন, গেন্ডারিয়া থেকে আসা মতিউর রহমানসহ অনেকেই তাদের শরীরে পুলিশের লাঠির আঘাতের দাগ দেখান।

কিন্তু পাসপোর্ট অফিস পুলিশ ফাঁড়ির ইনচার্জ, উপ-পরিদর্শক মো. বারেক লাঠিপেটার কথা পুরোপুরি অস্বীকার করেন।

মোহাম্মদপুর থানার ইনচার্জ, উপপরিদর্শক সালাউদ্দিন আরশেদও লাঠিপেটার অভিযোগ অস্বীকার করেন। লেবু মিয়ার মৃত্যু প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর কে তিনি বলেন, “পাসপোর্ট করতে আসা লেবু মিয়া উচ্চরক্তচাপের রোগী ছিলেন। পাসপোর্ট অফিস থেকে প্রায় পাঁচশ গজ দুরে আগারগাঁও বাজারে গিয়ে মারা যান। মৃতের স্ত্রীকে সঙ্গে নিয়ে আমি নিজে লাশ ময়না তদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।”

লেবু মিয়ার স্ত্রী শিমুলও জানান, তাঁর স্বামীর প্রেসার ও হার্টের সমস্যা ছিল।

প্রত্যক্ষদর্শী ও আহতদের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, “বর্তমানে পুলিশ সব সময় টহলে থাকায় পাসপোর্ট অফিসের দালালরা কাজ করতে পারছে না। এরাই পুলিশের ভাবমূর্তি নষ্টের উদ্দেশ্যে এসব বাজে তথ্য সাংবাদিকদের সাপ্লাই করছে।”