ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো ২৪ ভুয়া ছাত্র
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো ২৪ জন ভুয়া শিক্ষার্থী শনাক্ত হয়েছে।
এদের মধ্যে ২২ জনই লোক প্রশাসন বিভাগের, একজন আন্তর্জাতিক সম্পর্ক ও একজন সমাজ কল্যাণ ইনস্টিটিউটের।
এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াল ৭৬ তে। এর মধ্যে লোক প্রশাসন বিভাগেই শনাক্ত হলো ৪৪ জন।
ভুয়া ভর্তি তদন্ত কমিটির প্রধান উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার শনিবার রাতে সিন্ডিকেটের মিটিং শেষে সাংবাদিকদের জানান, নতুন করে পাওয়া ২৪ জন ভুয়া শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিন্ডিকেট মিটিংয়ে সুপারিশ করা হয়েছে। আরো ১০/১২ জন শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া যাচাইবাছাই করা হচ্ছে।
এর আগে লোক প্রশাসন, অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিভিন্ন বর্ষের ৫২ জন ভুয়া শিক্ষার্থী ধরা পড়ে। এদের মধ্যে লোক প্রশাসন বিভাগের ২০০৩-২০০৪ শিক্ষাবর্ষে ভর্তি হয় ২২ জন। ভুয়া শিক্ষার্থী ভর্তির অভিযোগে এই বিভাগের অফিস সহকারী ইউসুফ আকন্দকে শোকজ করা হয়।
