২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রায় পাঁচ কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে মামুন আবার রিমান্ডে

গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে চার কোটি ৮৯ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে গুলশান থানায় আরো একটি মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2007, 10:21 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

শুক্রবার দায়ের করা এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ শনিবার তাকে চার দিনের রিমান্ডে নিয়েছে।

এনিয়ে মামুনের বিরুদ্ধে আটটি চাঁদাবাজির মামলাসহ অস্ত্র আইনে একটি, দুর্নীতির একটি ও কেরানীগঞ্জের গরুর ব্যাপারীর দায়ের করা একটিসহ মোট এগারটি মামলা দায়ের করা হলো। আগের কয়েকটি মামলায় ৩৮ দিনের রিমান্ডের পর নতুন করে চার দিন ধরে প্রায় পাঁচ কোটি টাকার চাঁদাবাজির মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে তাকে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “ গুলশানের আল আমিন কনস্ট্রাকশনের সহযোগী প্রতিষ্ঠানের এজেন্ট কো-অর্ডিনেটর সৈয়দ আবু সাইয়িদ শাহেদ শুত্রবার দুপুর দেড়টায় মামুনকে আসামী করে এই মামলা দায়ের করেন।”

এজাহারের বরাত দিয়ে ওবায়দুল হক জানান, বাদীর কাছে মামুন চাঁদা হিসেবে ছয় কোটি টাকা দাবি করেন। ২০০৪ সালে ২৮ সেপ্টেম্বের থেকে বিভিন্ন সময়ে নগদে বিভিন্ন অংকে বাদীর কাছ থেকে মোট চার কোটি ৮৯ লাখ টাকা চাঁদা আদায় করেন তিনি।

এদিকে শনিবার গুলশান থানায় হারুন ফেরদৌসীর দায়ের করা ৮০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গিয়াসউদ্দিন আল মামুন শনিবার ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন।

মার্শাল ডিস্টিলারিজ এর মালিক হারুন ফেরদৌসীর মামলায় তিন দিনের পুলিশ রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়।

ঢাকার মহানগর হাকিম শামসুল আলমের খাস কামরায় দুপুর আড়াইটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত মামুনের জবানবন্দী নেওয়া হয়।

এ মামলার প্রধান আসামী হচ্ছেন মামুনের বন্ধু খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান।

মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে পাঠানো প্রতিবেদনে বলেছেন, আদায়কৃত ৮০ লাখ টাকা চাঁদার মধ্যে ৪৬ লাখ টাকা তারেক রহমানকে ভাগ দেওয়া হয়েছে।

শনিবার সপ্তম বারের মতো ১৬৪ ধারায় তার কাছ থেকে জবানবন্দী নেওয়া হল।

মামুনকে ২৬ মার্চ তার পুরনো ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই ক্যান্টনমেন্ট থানার সাব ইনসপেক্টর আবদুল আউয়াল বাদী হয়ে অস্ত্র আইনে তার বিরুদ্ধে প্রথম মামলা দায়ের করেন। পরে গুলশান, ধানমন্ডি ও শাহবাগ থানায় অন্যান্য সাতটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। এছাড়া দুর্নীতি দমন কমিশন একটি ও কেরানীগঞ্জ থানায় গরুর ব্যাপারী তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।