মুন্সীগঞ্জে পদ্মায় ডুবে যাওয়া চার ছাত্রের লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের মাওয়া এলাকায় পদ্মায় ডুবে যাওয়া চার ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ হন তারা।
মাওয়া ফাঁড়ি ইনচার্জ আকরাম হোসেন জানান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিবিএর ছাত্র শাখাওয়াত হোসেন লিংকন ও কবি নজরুল কলেজের ইংরেজি বিভাগের সাইফুল ইসলামের লাশ সকাল দশটায় জাল ফেলে উদ্ধার করা হয়। কিন্তু বিকেল পাঁচটা পর্যন্ত চেষ্টা চালিয়ে বাকি দুজনের লাশ উদ্ধার করতে না পেরে ডুবুরীরা ফিরে যায়।
পরে সন্ধ্যা সাতটায় স্থানীয় জেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১ম বর্ষের ছাত্র ফজলুল করিম ইভান ও কবি নজরুল ইসলাম কলেজের ভূগোল বিভাগের ১ম বর্ষের ছাত্র মোরশেদ খানের লাশ উদ্ধার করে।
শুক্রবার দুপুরে তারা ৯ বন্ধু মিলে ঢাকা থেকে মাওয়া এসে পদ্মায় সাঁতার কাটতে নামেন। এ সময় প্রবল স্রোতে ওই চারজন ভেসে যান।
