২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ৪১টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল, মালিকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

যশোরে বিভিন্ন অভিযোগে ৪১টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। আরও পাঁচটি অস্ত্রের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2007, 09:54 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

কয়েকজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করারও প্রস্তুতি চলছে।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মুজিবর রহমান জানান, অস্ত্র আইনের ১৮ (ক) এবং ১৯৪২ সালের অস্ত্র বিধিমালার ৪২ ধারা অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট আবুয়াল হোসেন এসব অস্ত্রের লাইসেন্স বাতিল করেছেন।

তিনি জানান, সরকার ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা না দেওয়ায়, নবায়ণ না করায়, বিক্রি, হস্তান্তর ও মৃত্যুজনিত কারণে এ ব্যবস্থা নেওয়া হয়। যেসব অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে, সেগুলো সারকারি কোষাগারে নিয়ে নেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্থগিত ঘোষিত ২২ জানুয়ারির সংসদ নির্বাচনকে সামনে রেখে ৫ জানুয়ারির মধ্যে নিকটস্থ থানায় লাইসেন্স করা অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল।

শেখ মুজিবর রহমান জানান, আর যারা ওই সময়ের মধ্যে অস্ত্র জমা দেননি তাদের লাইসেন্সও বাতিল করা হবে। যাদের বিরুদ্ধে ইতোমধ্যে এ অভিযোগ আনা হয়েছে তাদের নামে কেন মামলা করা হবে না ৩০ দিনের মধ্যে তা আদালতকে জানানোর জন্য অভিযুক্তদের নোটিশ পাঠানো হয়েছে। গত ১৭ মার্চ জেলা ম্যাজিস্ট্রেটের দপ্তর থেকে ওই নোটিশ জারি করা হয়। অভিযুক্তদের কেউ এখনও কোনো জবাব দেননি। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার প্রস্তুতি চলছে।