কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩০
কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে শুক্রবার বিকেলে এক সড়ক দুর্ঘটনায় মহব্বত নামে এক বাসযাত্রী নিহত ও ৩০ জন আহত হয়েছে।
নিহতের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর বাইল গ্রামে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আলমগীর আশরাফ জানান, দুর্ঘটনার পরই বাস চালক ও সহকারি পালিয়ে গেছে।
দুর্ঘটনার শিকার বাসের আরোহী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলাগামী জুবায়েদ-নাঈম এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার নান্দলা এলাকায় পৌঁছামাত্র সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মোহাব্বত মারা যান।
আহতদের কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় শাহজাহান (৫৫), কালাম (৪০), ও মোফাজ্জল (২৩) নামে তিন যাত্রীকে ঢাকায় পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি গুরুতর আহতরা হলেন, জজ মিয়া (৪০), ফিরোজ (৪৫), সুজন (৩২), বাবু (৩৪), সুমিতা (২০), দিলীপ দাস (২৫), সাইফুল ইসলাম (৩০), ফজলু (১৬), রমজান (১৬), রুবেল (১৮) ও মুখলেছ (২৪)।
আহত অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
