সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে নিহত ১, গ্রেপ্তার ৩
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আলাগদী গ্রামে বৃহস্পতিবার সকাল ১১ টায় চাচা ও ভাতিজার মধ্যে জায়গা দখল নিয়ে বিরোধের জের ধরে এক সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত ও চারজন আহত হয়েছেন।
পুলিশ এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাত আলাগদী গ্রামের নুর ইসলাম ও তাঁর ভাতিজা নাহার মিয়ার মধ্যে বাড়ির পাশে এক খণ্ড পতিত জায়গার দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে ওই বিরোধের জের ধরে চাচা-ভাতিজার মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে দু পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে চন্দন মিয়া (২৬) নামের এক ব্যক্তি টেটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত চন্দন ছিলেন নাহার মিয়ার কাজের লোক। তিনি একই গ্রামের ইনতাজ উল্লাহর ছেলে।
সংঘর্ষে আহত চারজনের মধ্যে গুরুতর অবস্থায় গুলজার মিয়া (৩০) ও শাহাজাহানকে (৩৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর দুই আহত এলাইছ মিয়া (৫০) ও জাহাঙ্গীরকে (২৫) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আল-আমিন (১৮), দীন ইসলাম (৩২), শফিক (৪৫) নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
