২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা কলেজে ছাত্রদলের ভাংচুর

সাতক্ষীরা সরকারি কলেজে বৃহস্পতিবার ব্যাপক ভাংচুর চালিয়েছে ছাত্রদলকর্মীরা। ওই সময় তারা অধ্যক্ষকে তিন ঘন্টা তার কক্ষে অবরুদ্ধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাতক্ষীর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 08:40 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ভাংচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ করে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয়।

গত ২৪ এপ্রিল হোস্টেলে টিভি দেখা নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মীদের সংঘর্ষ বাধে। তা নিয়ে কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটিও করে। ছাত্রদল কর্মীরা বৃহস্পতিবারই তদন্ত কমিটির রিপোর্ট দাবি করে। তা না হওয়ায় কলেজে ভাংচুর চালায় তারা।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, ছাত্র দলের কর্মীরা সকালে কলেজে ভাংচুর চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থল থেকে কোনও শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান পুলিশ কর্মকর্তা।

কলেজ অধ্যক্ষ সুকুমার দাস জানান, গত ২৪ এপ্রিল কলেজ হোস্টেলে টিভি দেখা নিয়ে ছাত্রদের দুটি গ্রুপে সংঘর্ষ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। শনিবার তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনার কথা রয়েছে। কিছু ছাত্র ওই রিপোর্ট বৃহস্পতিবার প্রকাশের দাবিতে ভাংচুর চালায়।

ছাত্ররা উপাধ্যক্ষের কক্ষসহ বেশ কয়েকটি শ্রেণী কক্ষ ভাংচুর করে বলে অধ্যক্ষ জানান।

এ বিষয়ে ছাত্রদল নেতাদের কোনও বক্তব্য পাওয়া যায়নি।