ফরিদপুরে আ. লীগ নেতা লাবলু গ্রেপ্তার
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি হাসিবুল হাসান লাবলুকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব।
তিনি পৌরসভার সাবেক চেয়ারম্যানও।
বৃহস্পতিবার দুপুর পৌনে একটায় র্যাব-৮ এর একটি দল ফরিদপুর শহরের আলীপুর এলাকায় তার বাসভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। তার ছোট ভাই মনিরুল হাসান মিঠু বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “র্যাব সদস্যরা বাসার সামনে থেকে ভাইকে তুলে নিয়ে গেছে”।
র্যাব সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে লাবলুকে ফরিদপুর কোতয়ালি থানায় সোপর্দ করে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, গ্রেপ্তার হওয়া লাবলু ২৮ অক্টোবর জেলা জামাত অফিসে হামলার মামলার অন্যতম আসামি। এ ছাড়া একটি হত্যা মামলার জামিনপ্রাপ্ত আসামিও তিনি।
এদিকে বিকেলে ফরিদপুর সেনা ক্যাম্প থেকে পাঠানো এক প্রেসনোটে বলা হয়, লাবলুর বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস সৃষ্টি ও চাঁদাবাজির একাধিক অভিযোগ এবং মামলা রয়েছে।
