তথ্য অধিকার আইনের প্রতি সমর্থন আছে উপদেষ্টারও
জনগণের তথ্য পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করতে আইন প্রণয়নের দাবির যৌক্তিকতা স্বীকার করে তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, সঠিক তথ্য পাওয়া গেলে দেশে এতো দুর্নীতিও হতো না, ক্ষমতার অপব্যবহারও এভাবে হতে পারতো না।
তবে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের হাতে আইন করার জন্য যথেষ্ট সময় নেই। তাছাড়া এই সরকার আইন করলে তা স্থায়ী না হওয়ারই আশঙ্কা রয়েছে।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইডিবি ভবনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মিডিয়া ইনিশিয়েটিভ ফর পাবলিক পলিসি নামে সাংবাদিকদের একটি নতুন সংগঠন যাত্রার শুরুতেই ইউএনডিপির সহযোগিতায় এ আলোচনা সভার আয়োজন করে।
উপদেষ্টা বলেন, স্বাধীনতার পর ৩২ বছরেও তথ্য অধিকার আইন করা হয়নি। এজন্য বড় ব্যর্থতা আমাদের রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এরই মধ্যে এই আইন হয়েছে, আমাদের দেশেও এর শুরু হতে হবে।
তিনি আরও বলেন, সাধারণ প্রশাসনে বিপর্যয় দেখা দেওয়ায় সামরিক প্রশাসনের সহযোগিতা নিয়ে তত্ত্বাবধায়ক সরকারকে দেশ পরিচালনা করতে হচ্ছে। নির্বাচিত জনপ্রতিনিধিরা যাতে জবাবদিহিতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে পারেন সেজন্য নানামুখী সংস্কার করা হচ্ছে।
তথ্য পাওয়ার অধিকার সম্পর্কিত আইন প্রণয়ন প্রসঙ্গে তিনি বলেন, “এ সরকারের সব কাজ করার সুযোগ নেই। আমরা যেসব আইন করছি নির্বাচিত সরকার যাতে সেগুলো বহাল রাখে সেজন্য জনমত সৃষ্টি করতে হবে।”
দুর্নীতি দমন বিষয়ে উপদেষ্টা বলেন, গণতন্ত্রকে সুসংহত করার জন্য দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার বন্ধ করতেই হবে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দুর্নীতিবাজদের দুর্নীতি প্রমাণ করা কঠিন। এজন্য এমন জনমত সৃষ্টি করতে হবে যাতে দুর্নীতিবাজরা ছাড়া না পায় এবং দুর্নীতিবাজরা রাজনীতি থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।
এক্ষেত্রে সাংবাদিকদেরও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। তবে তিনি বলেন, জরুরি অবস্থার বিষয়টি মনে রেখে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে। সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে সরকারের কোনো দূরভিসন্ধি নেই বলেও উল্লেখ করেন তিনি।
সাংবাদিকদের জন্য নতুন বেতন স্কেল নির্ধারণের বিষয়ে উপদেষ্টা বলেন, সংবাদপত্র শিল্প থেকেই বেতন-ভাতা আসতে হবে। তাই শিল্পের অবস্থা বিবেচনা করে পদক্ষেপ নিতে হবে। এখনো সংবাদপত্রকে ‘শিল্প’ হিসেবে দেখা না হলেও এই খাত যথেষ্ট সম্ভাবনাময় বলে মন্তব্য করেন তিনি।
দৈনিক প্রথম আলোর প্রধান প্রতিবেদক প্রণব সাহা আলোচনার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে বলেন, “বাংলাদেশ ‘ইন্টারন্যাশনাল কনভেনশন অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস ১৯৬৬’ এ স্বাক্ষর করেছে। এ ছাড়া ভিয়েনা কনভেনশন, লিমবার্গ ডিক্লারেশন ও ব্যাঙ্গালোর কলকোয়েম এর অংশীদার হিসেবে মানবাধিকার বাস্তবায়নের অঙ্গীকার করেছে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও তথ্য অধিকার আইন আছে। অথচ বাংলাদেশে পাঁচ বছর আগে এ আইনের খসড়া তৈরি হলেও তা বাস্তবায়ন হয়নি।”
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক জগলুল আহমেদ চৌধুরী দক্ষিণ এশিয়া অঞ্চলের সাংবাদিকতার প্রসঙ্গ টেনে বলেন, এই অঞ্চলে অস্থিতিশীল পরিবেশে সাংবাদিকরা ঝুঁকি নিয়ে কাজ করছে। তবে দক্ষতার দিক থেকে বাংলাদেশ তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
দৈনিক সমকালের নির্বাহী সম্পাদক সানাউল্লাহ লাবলু বলেন, সুস্পষ্ট সূত্রের উল্লেখ না করলে সংবাদের গুরুত্ব কমে যায়। আর সংবাদে গুরুত্ব বাড়ানোর জন্যই সরকারের কাছ থেকে তথ্য পাওয়ার জন্য আইন প্রণয়ন জরুরি বলে উল্লেখ করেন তিনি।
ব্যারিস্টার তানজীব-উল আলম তথ্য অধিকার আইনের খসড়া নিয়ে আলোচনা করেন।
আলোচকদের সবাই বলেন, তত্ত্বাবধায়ক সরকার যেহেতু নানামুখী সংস্কার করছে, সফলও হচ্ছে, তাই তথ্য অধিকার আইন প্রণয়নেরও এখনই উপযুক্ত সময়। তারা বিষয়টি বিবেচনার জন্য সরকারের কাছে দাবি জানান।
এদিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করেছে। দৃক নিউজ ধানমন্ডির দৃক গ্যালারিতে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: বাংলাদেশের অভিজ্ঞতা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে’।
এ আলোচনা সভায় বিডিনিউজ টোয়েন্টিফোর এর বার্তা সম্পাদক খালেদ মুহীউদ্দিন, দৈনিক প্রথম আলোর প্রতিবেদক টিপু সুলতান, দৈনিক সমকালের প্রবীর শিকদার, রিপোর্টার্স সানস্ ফ্রন্টিয়ার্সের মাইনুল ইসলাম খান বক্তব্য রাখেন। তারা বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা করেন।
প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় বক্তারা সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার এবং নিপীড়নমূলক কালাকানুন বাতিলের দাবি জানান। বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে জাতিসংঘ তথ্য কেন্দ্রের প্রধান কাজী আলী রেজা, অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বক্তব্য রাখেন।
এ ছাড়া বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে নিউজ নেট ও গ্রিন ভয়েস নামের দুটি সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদপত্র প্রদর্শনীর আয়োজন করে।
