চলতি মাসে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে
চলতি মাসে দেশে আরও দুই থেকে তিনটি মাঝারি অথবা তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হবে এ তাপপ্রবাহ।
অন্যান্য স্থানের ওপর দিয়েও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এ সময় বঙ্গোপসাগরে অন্তত দুইটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে এসব তথ্য।
পূর্বাভাসে বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহ শুরু হলে এ মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৪২ ডিগ্রি সেলসিয়াস। গত পাঁচ বছরে মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২০০২ সালে সাতক্ষীরায় ৪৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। এটি উত্তরে অগ্রসর হচ্ছে। লঘুচাপটি উপকূল অতিক্রম করলেই বৃষ্টি হবে। এ মুহূর্তে দেশে বৃষ্টির পরিমাণ কম। আকাশে মেঘ নেই। বুধবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৪ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আয়েশা খাতুন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, দেশের বিভিন্ন এলাকার উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টিও কম হচ্ছে।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের বিভিন্ন স্থানের সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে খুলনায় ৩৭ দশমিক ৮, যশোরে ৩৭ দশমিক ৬, সাতক্ষীরায় ৩৭, ঈশ্বরদীতে ৩৭, টাঙ্গাইলে ৩৬ দশমিক ৩, সৈয়দপুরে ৩৬ দশমিক ৪, মাদারীপুরে ৩৬ দশমিক ৭ এবং চাঁদপুরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিক গরমের কারণে দেশে ডায়রিয়ার রোগীর সংখ্যা বেড়ে গেছে। গত এক সপ্তাহে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) এর কলেরা হাসপাতালে দুই হাজার চারশ’ ৯৯ জন রোগীকে ভর্তি হয়েছেন। এর মধ্যে মঙ্গলবার রাত থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ভর্তি হন ৪০৫ জন।
কলেরা হাসপাতালের প্রধান বিজ্ঞানী ডা. শাহদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, গত কয়েকদিনে রোগীর সংখ্যা বেড়েছে। প্রতিদিন গড়ে চারশ’ রোগী আসছে। তবে তিনি জানান, গত বছর মে মাসে প্রতিদিন গড়ে রোগীর সংখ্যা ছিল ৬০০।
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ই-কলাই ডায়রিয়া বেশি। কিছু কিছু কলেরা রয়েছে। শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। ৬ থেকে ১৮ মাসের শিশুর সংখ্যা বেশি।
শাহদাত হোসেন বলেন, ডায়রিয়া পানিবাহিত রোগ হওয়ায় গরমে পানি পানের বিষয়ে সতর্ক থাকতে হবে। পচা-বাসি খাবার খাওয়া যাবে না। ডায়রিয়া শুরু হলেই খাবার স্যালাইন খাওয়া শুরু করতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬৪৯ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। ৩০ দিনে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার।
