২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয়াদিল্লি বিমানবন্দরে ৪৮ দিন আটকে ছিলেন দুই বাংলাদেশী

নয়াদিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে ৪৮ দিন আটকে থাকার পর গত সপ্তাহে দেশে ফিরেছেন দুই বাংলাদেশী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 May 2007, 12:45 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

ভারতের টাইমস অব ইন্ডিয়া পত্রিকা বৃহস্পতিবার জানিয়েছে, ওই দুই বাংলাদেশী কাজের উদ্দেশ্যে মার্চের মাঝামাঝি সৌদি আরব যান। কিন্তু বৈধ কাগজপত্র ও পাসপোর্ট না থাকায় সৌদি কর্তৃপক্ষ তাদের এয়ার ইন্ডিয়ার ঢাকা-দিল্লি-রিয়াদ ফ্লাইটে তুলে দেয়। এদিকে বাংলাদেশ এদের ফেরত নিতে রাজি না হওয়ায় দেড় মাসের বেশি সময় ধরে এরা নয়াদিল্লি বিমানবন্দরে আটকা পড়েছিলেন। শেষ পর্যন্ত বাংলাদেশ কর্তৃপক্ষ নতুন পাসপোর্ট ইস্যু করার পর গত সপ্তাহে এরা দেশে ফিরে আসেন।

তাদের এই আটকাবস্থাকে হলিউডের ‘দা টার্মিনাল’ ছবির কাহিনীর সঙ্গে তুলনা করে টাইমস অব ইন্ডিয়া।

পত্রিকাটির খবরে বলা হয়, বৈধ কাগজপত্র না থাকায় সৌদি বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের পাসপোর্ট রেখে একটি বিশেষ ভ্রমণ সনদ দিয়ে দেশে পাঠানোর ব্যবস্থা করে। চাকরির আশা ভঙ্গ হওয়ার পরও নিজ দেশে ঢুকতে পারছিলেন না তারা।

টাইমস অব ইন্ডিয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বলা হয়, “ওই দুই বাংলাদেশী আটকাবস্থায় অবসর জীবনের প্রতি এতোটাই বিরক্ত হয়ে পড়েছিলেন যে তারা বেশ কয়েকবার বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে বিনা পারিশ্রমিকে কাজ করার আবেদনও জানিয়েছিলেন।”

বাংলাদেশী কর্তৃপক্ষ গত সপ্তাহে নতুন পাসপোর্ট ইস্যু করার আগ পর্যন্ত এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ তাদের থাকা-খাওয়া এবং মেডিকেল চেক আপ বাবদ অন্তত আড়াই হাজার ডলার খরচ করে।