২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঙ্গুতে গ্যাস উত্তোলন আবার শুরু

বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ক্ষেত্রের রিগ অপসারণ সফলভাবে শেষ হওয়ায় বুধবার সন্ধ্যা থেকে গ্যাস উত্তোলন আবার শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 09:45 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

মঙ্গলবার সকাল থেকে ৪০ ঘণ্টা গ্যাস উত্তোলন বন্ধ থাকার পর বুধবার সন্ধ্যা সাতটায় আবার উৎপাদন শুরু হয়।

কর্মকর্তারা জানান, সাঙ্গু গ্যাস ক্ষেত্রের প্লাটফর্ম থেকে ড্রিলিং রিগ অপসারণ করার কারণে এই ক্ষেত্রের গ্যাস উত্তোলন বন্ধ ছিল।

বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের (বিজিএসএল) নাম প্রকাশে অনিচ্ছুক একজন উর্দ্ধতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, সাঙ্গু কর্তৃপক্ষ গ্যাস উত্তোলন শুরুর বিষয়টি সন্ধ্যায় বিজিএসএলকে জানিয়েছে।

তিনি জানান, সাঙ্গুর উত্তোলিত গ্যাসের চাপ স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগবে। তবে রাতের মধ্যেই তা স্বাভাবিক হয়ে আসবে। আর সেক্ষেত্রে মধ্য রাতের আগেই রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্র, চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানিকে (কাফকো) আগের মতো গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।

সাঙ্গুতে উৎপাদন বন্ধ থাকায় চট্টগ্রাম অঞ্চলের শিল্প প্রতিষ্ঠানগুলোতে গ্যাস সরবরাহ কমিয়ে দেয়া হয়েছিল। এ কারণে সিইউএফএল-এ ইউরিয়া উৎপাদন মঙ্গলবার থেকে বন্ধ হয়ে যায়।

সিইউএফএল’র এমডি মোহাম্মদ নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে তিন দিনের মধ্যে উৎপাদন শুরু করতে পারবে সিইউএফএল।

রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রে চাহিদামতো গ্যাস সরবরাহ করা গেলে চট্টগ্রামের বিদ্যুৎ সঙ্কটও অনেকটা কেটে যাবে।