২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় অপহৃত ৮ মৌয়ালকে উদ্ধার, গ্রেপ্তার ২

ভোলার মনপুরায় মধু সংগ্রহ করতে গিয়ে অপহৃত আট মৌয়ালকে বুধবার উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের অপহরণ করা হয়। উদ্ধার অভিযান চালাতে গিয়ে অপহরণকারীদের সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয় এবং এসময় পুলিশ অস্ত্রসহ দুই অপহরণকারীকে গ্রেপ্তার করে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 08:10 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

উদ্ধার পাওয়া আট মৌয়াল হলেন- বাবুল চন্দ্র দাস, প্রদীপ চন্দ্র দাস, তাপস চন্দ্র দাস, বিকাশ চন্দ্র দাস, ঝিলম চন্দ্র দাস, প্রেম লাল দাস, শুভঙ্কর চন্দ্র দাস ও স্মরণ চন্দ্র দাস।

মনপুরা থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, লিটন চন্দ্র দাশ ও লক্ষ্মণ চন্দ্র দাশসহ ১০ জন মৌয়াল মধু সংগ্রহের জন্য মঙ্গলবার সকালে চর পাথালিয়া যায়। রাতে জলদস্যু বাশার বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে। অপহরণ করে নিয়ে যাওয়ার সময় লিটন ও লক্ষ্মণ পালিয়ে মনপুরা চলে আসে। বুধবার দুপুরে তারা মনপুরা থানায় অপহরণের ঘটনাটি জানায়।

ওসি আরও জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চর পাথালিয়া, চর পিয়াল, চর নিজাম উদ্দিন, চর আনোয়ারসহ আশপাশের এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় চর আনোয়ার থেকে অপহৃতদের উদ্ধার করা হয়। এসময় পাঁচটি পাইপগান ও বিপুল পরিমাণ গুলিসহ ইব্রাহীম (২৮) ও মফিজ (২৭) নামে বাশার বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়। আটককৃতরা চর পিয়ালে পুলিশের হেফাজতে রয়েছে।

ওসি জানান, অভিযান চলাকালে জলদস্যুদের সঙ্গে ৩০ থেকে ৩৫ রাউন্ড গুলি বিনিময় হয়। তবে কেউ হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত করা যায়নি। রাত ৮টা ১০ মিনিটে এ প্রতিবেদন লেখার সময় মনপুরা থেকে পাঁচ শতাধিক লোক এসে চর পিয়ারে পুলিশের সঙ্গে ডাকাতদের আস্তানা ঘিরে রেখেছিল।