২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়ম না মানলে অটোরিক্সা মালিক-চালক দুপক্ষই শাস্তি পাবে

১ মে থেকে সিএনজি চালিত অটোরিক্সার বর্ধিত ভাড়া কার্যকর করা হলেও যাত্রী হয়রানি বন্ধ হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 04:52 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

অটোরিক্সা মালিকরাও চালকদের কাছ থেকে জমা বাবদে বেশি টাকা নিচ্ছেন। তবে বাংলাদেশ সড়ক পরিবহণ সংস্থা (বিআরটিএ) জানিয়েছে, নিয়ম মেনে না চললে মালিক-চালক দুপক্ষকেই শাস্তি পেতে হবে।

সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ চালক ভাড়ার নতুন তালিকা না ঝুলিয়েই অটোরিক্সা চালাচ্ছেন। পাশাপাশি যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া চাইছেন তারা। অথচ নতুন তালিকা অনুযায়ী মিটার ঠিক না হওয়া পর্যন্ত প্রতিটি অটোরিক্সায় ভাড়ার তালিকা ঝুলানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ধানমন্ডিতে অটোরিক্সা যাত্রী মুহিউদ্দীন খন্দকার জানান, বুধবার সকালেও এক চালক তার কাছে নির্ধারিত ভাড়ার চেয়ে ১০ টাকা বেশি দাবি করেন। কারণ জানতে চাইলে তিনি বলেন, ভাড়ার নতুন তালিকা অনুযায়ী মিটার তৈরি হয়নি। কাজেই ১০ টাকা বেশি না দিলে তিনি যাবেন না।

অটোরিক্সা মালিকরাও চালকদের কাছ থেকে সারা দিনের জন্য নির্ধারিত ৪৫০ টাকার চেয়ে বেশি জমা নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চালকদের সঙ্গে কথা বলে দেখা গেছে ওই ৪৫০ টাকার বিনিময়ে তারা কতক্ষণ অটোরিক্সা চালাতে পারবেন তা নিয়ে তাদের মধ্যে বিভ্রান্তি রয়েছে।

মালিকদের কেউ কেউ নিয়ম বেঁধে দিয়েছেন, চালকরা ৪৫০ টাকা জমা দিয়ে বিকাল ৫ টা পর্যন্ত এবং ৬০০ টাকা জমা দিয়ে রাত ১০ টা পর্যন্ত অটোরিক্সা চালাতে পারবেন।

কোনো কোনো মালিক আবার দুই শিফটে সিএনজি অটোরিক্সা চালকদের কাছে ভাড়া দেওয়ার নিয়ম করেছেন। প্রথম শিফট ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ২টা এবং দ্বিতীয় শিফট দুপুর ২ টা থেকে রাত ১২টা পর্যন্ত। প্রতি শিফটের জমা ধরা হয়েছে ৩৫০ টাকা।

বিআরটিএ এর প্রকৌশল বিভাগের পরিচালক হুমায়ুন রশিদ খলিফা বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “সরকারি আদেশে অটোরিক্সা মালিকদের শিফট পদ্ধতি চালু করার অনুমতি দেওয়া হয়নি। মালিকরা কোনো অবস্থাতেই সারাদিনে ৪৫০ টাকার বেশি জমা নিতে পারবেন না।”

বিআরটিএ চেয়ারম্যান এবিএম শাহজাহান ও হুমায়ুন রশিদ খলিফা এসব বিষয় নিয়ে বুধবার সকালে বিআরটিএ কার্যালয়ে মালিক ও চালক পক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সরকারি আদেশ না মানলে ব্যবস্থা নেওয়া হবে বলে তাদের হুঁশিয়ার করে দেন চেয়ারম্যান।

হুমায়ুন রশিদ খলিফা বলেন, নিয়ম না মানলে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মালিকদের অটোরিক্সার রুট পারমিট বাতিল করা হবে। একইভাবে কোনো চালক যাত্রীদের হয়রানী করলে তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে।

বিআরটিএ পরিচালক আরো জানান, মালিকদেরকে নতুন তালিকা ছাড়া অটোরিক্সা রাস্তায় না নামানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সিএনজি অটোরিক্সা (অটোরিক্সা নম্বর ১২-৯১২২) মালিক মাকসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “সারাদিনের জন্য ৪৫০ টাকা জমা নেওয়া কি সম্ভব? এ কারণে মালিক সমিতিই আমাদেরকে দিনে কয়েকটি শিফট চালু করতে বলেছে।”

মাকসুদের অটোরিক্সার চালক দেলোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, মঙ্গলবার বর্ধিত ভাড়া কার্যকর হওয়ার প্রথম দিন তিনি মাকসুদকে জমা হিসেবে ৬০০ টাকা দিয়েছেন।

চালক সামসু (অটোরিক্সা নম্বর-১৪-৩৭৭৭) জানান, তিনি যে অটোরিক্সাটি চালান তার মালিক লতিফা বেগম রাত ৯ টা পর্যন্ত জমা হিসেবে নেন ৬০০ টাকা।

তবে চালকদের কেউ কেউ জানিয়েছেন, তাদের অটোরিক্সার মালিকরা নির্ধারিত ৪৫০ টাকাই জমা নিচ্ছেন।

অভিযোগ রয়েছে, চালকরা অনেক সময়ই যাত্রীদের প্রয়োজনীয় গন্তব্যে যেতে চান না। এর কারণ জানতে চাইলে চালক আব্দুস সালাম পাল্টা প্রশ্ন করেন, “আমি কি মাত্র ১২ টাকার দূরত্বের জন্য যাত্রী নেব?”

ঢাকা মহানগর অটোরিক্সা ব্যবসায়ী সমিতির সভাপতি বরকতুল্লাহ বুলু বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, তার সংগঠন শিফট চালুর ব্যাপারে কোনো পরামর্শ দেয়নি। কোনো মালিক শিফট চালু করলে এর দায়-দ্বায়িত্ব তাকেই নিতে হবে। এ কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সমিতি তাকে কোনো সহায়তা দেবে না।

আগামী সপ্তাহের মধ্যেই ভাড়ার নতুন তালিকা অনুযায়ী মিটারগুলো প্রস্তুত হয়ে যাবে বলে জানান তিনি।