ড. ইউনুস হত্যার দায়িত্ব স্বীকার করেছে জেএমবি নেতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ইউনুস হত্যার দায়িত্ব স্বীকার করেছে বগুড়ায় আটক জেএমবির আঞ্চলিক কমান্ডার সহিদুল্লাহ ওরফে মাহবুব।
গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর শাহিদুল ইসলাম শাহীন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর-কে একথা জানান।
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক কমান্ডার সহিদুল্লাহকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় গোয়েন্দা পুলিশ গাবতলীর পেরির হাট এলাকা থেকে গ্রেপ্তার করে।
জবানবন্দীতে সহিদুল্লাহ জানিয়েছে, ফাঁসির দণ্ডপ্রাপ্ত শায়খ আবদুর রহমান তাকে ফোন করে বলেছিলেন, ড. ইউনুস সর্বহারা নেতা ও ইসলামের শত্রু। তাকে হত্যা করতে হবে। নির্দেশ পেয়ে সহিদুল্লাহ রাজশাহীর বালিয়াপুকুর এলাকায় তার বাসায় হত্যার পরিকল্পনার জন্য বৈঠক করেন। বৈঠকে অপারেশনের দায়িত্ব দেওয়া হয় শফিউল্লাহ তারেক নামে অপর এক জেএমবি নেতাকে।
এর পরিপ্রেক্ষিতে ২০০৪ সালের এপ্রিল মাসে প্রাতঃভ্রমণের সময় রাজশাহীর বিনোদপুর এলাকায় লাঠি ও ছুরির আঘাতে ড. ইউনুসকে হত্যা করা হয়। এই অপারেশনে যোগ দেয় সাতজন। এরা হলেন শফিউল্লাহ তারেক, গোলামুর রহমান ওরফে গোলাম মোস্তফা, আবু ইছা ওরফে এনামুল হক, আবুল কাশেম তুফান, আবদুল মতিন ওরফে বোমারু মতিন, আব্বাস ও ইব্রাহিম। এদের মধ্যে আব্বাস পলাতক রয়েছে এবং ইব্রাহিম মারা গেছে।
ডিবি পুলিশ সূত্র জানায়, হত্যাকাণ্ডের পর প্রথমে রাজশাহীর মতিহার থানায় মামলা হয়। ২০০৬ সালের এপ্রিলে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। একই বছর ১৩ই এপ্রিল নাটোরে শফিউল্লাহ তারেককে গ্রেপ্তার করা হয়। জবানবন্দীতে তিনি জেএমবি নেতা মাহবুবের কথা বলেন। বিভিন্ন এলাকায় জেএমবি সদস্যদের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের সূত্র ধরে সিআইডি পুলিশ নিশ্চিত হয় যে, সহিদুল্লাহই মূলত মাহবুব।
নওগাঁর সাপাহারের আবদুস সাত্তারের ছেলে শহিদুল্লাহ ওরফে মাহবুব দীর্ঘদিন ধরে তার শ্বশুরবাড়ি বাংলা ভাইয়ের বড় ভাই রফিকুল ইসলামে বাড়িতে আত্মগোপন করেছিলেন। খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার স্ত্রী জেএমবির এহসার সদস্য রহিমা খাতুন পালিয়ে যায়।
ডিবি পুলিশ জানায়, বগুড়া শহরতলী আকাশতারার আল হিজাব মাদ্রাসায় জেএমবির প্রশিক্ষক হিসেবে দায়িত্বে রয়েছেন রহিমা।
