২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের কাছে সুস্পষ্ট রোডম্যাপ চাইলেন হাসিনা

শেখ হাসিনা দেশে গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি নির্বাচনের পরিকল্পনাসহ একটি সুস্পষ্ট রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2007, 05:16 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

মঙ্গলবার লন্ডন স্কুল অব ইকনোমিকস-- এ এক ছাত্রসুধী সমাবেশে তিনি বলেন “গণতন্ত্রে উত্তরণের জন্য আমরা সরকারের কাছে  সুস্পষ্ট রোডম্যাপ চাচ্ছি, যাতে নির্বাচনের বিষয়টি নিশ্চিত হয়।”   

লন্ডন স্কুল অব ইকনোমিকসের ছাত্র ও বিশিষ্টজনদের সঙ্গে ওই মতবিনিময় সভায় শেখ হাসিনা খোলাখুলিভাবে তাদের  নানা প্রশ্নের জবাব দেন। সশস্ত্র বাহিনী ১১ জানুয়ারি সঠিক পদক্ষেপ নিয়েছে জানিয়ে তিনি বলেন, “সুযোগ পেলে আমি সশস্ত্র বাহিনীর শান্তি রক্ষা কার্যক্রমের সামর্থ বাড়াব।”

এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বৈধতা পেতে অবশ্যই পরবর্তী সংসদের অনুমোদন নিতে হবে। তিনি বলেন, “আমি সংবিধান বিশেষজ্ঞ নই। কিন্তু আমার সাধারণ রাজনৈতিক জ্ঞান বলছে, তাদের অবশ্যই এটা করতে হবে।”

স্কুল অব ইকনোমিকসের ওল্ড থিয়েটার হলে শেখ হাসিনার সঙ্গে এই মত বিনিময় অনুষ্ঠান ও প্রশ্নোত্তর পর্ব স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) শুরু হয়ে  প্রায় পৌনে দুই ঘন্টা চলে। সবার জন্য উন্মুক্ত অনুষ্ঠানে শেখ হাসিনা বক্তব্য রাখার পর ছাত্রছাত্রী ও বিশিষ্টজনরা তাকে প্রায় ২৫টি প্রশ্ন করেন।

শেখ হাসিনা বলেন, এখন পর্যন্ত আমি এই সরকারের সব ভাল কাজের প্রতি  সমর্থন দিয়ে যাচ্ছি।  তবে সরকার খুব বেশি সময় নিলে তা গণতন্ত্রের জন্য ভাল হবে না।

হাসিনা বলেন, আমরা সরকারের কাছে রোড ম্যাপ চাচ্ছি যাতে নিশ্চিতভাবে গণতন্ত্রের পথে অগ্রসর হওয়া যায়।

দলে সংস্কার করবেন কীনা এই প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভানেত্রী বলেন,

আমরা দলীয় মতাদর্শ ও  প্রয়োজনীতার দিকটি বিবেচনায় রেখে দলে সংস্কার চালাব। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। দলের কাউন্সিলরদের সম্মতি ছাড়া আমি নিজেও কাউকে কোন পদে নিয়োগ দিতে পারি না।

দেশে জরুরি অবস্থা জারির প্রেক্ষাপট প্রসঙ্গে প্রশ্নের জবাবে হাসিনা বলেন, গত ১১ জানুয়ারি দেশপ্রেমী সশস্ত্র বাহিনী সঠিক পদক্ষেপই নিয়েছে।

শেখ হাসিনা অনুষ্ঠানে অন্তরঙ্গ আলাপচারিতায়  ভবিষ্যতে তার দলের বেশ কিছু কর্মসূচির কথাও তুলে ধরেন।

ব্যারনেস মনজিলা পলা উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে এলএসই লেকচারার অধ্যাপক সুমাত্রা বসু স্বাগত বক্তব্য রাখেন। এলএসই বাংলাদেশ সোসাইটির আবুল হোসেন সঞ্চালকের দায়িত্বে ছিলেন। অনুষ্ঠানে প্রায় ২০০ ছাত্রছাত্রীর মধ্যে বাংলাদেশ ছাড়াও অন্যদেশের ছাত্রছাত্রীরাও ছিলেন।